ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারে তালেবানের লিয়াজোঁ অফিস স্থাপনের ব্যাপারে সমর্থন জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
আফগান সরকারের সঙ্গে শান্তি প্রক্রিয়া সমন্বয়ে সহায়তা করার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় তালেবানের এ অফিস খোলার পরিকল্পনা করা হচ্ছে।
বিবিসির এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে কাতারে অফিস খোলার বিষয়ে সম্মতি জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বিবৃতিতে তিনি বলেন, তুরস্ক বা সৌদি আরবে তালেবানের কার্যালয় হোক তা চাইলেও যুক্তরাষ্ট্র যদি এ ক্ষেত্রে কাতারকে বেছে নেয় তবে তিনি আপত্তি জানাবেন না।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, “আলোচনা শুরুর আগে বিরোধীদের নির্দিষ্ট একটি ঠিকানা এক ধাপ এগিয়ে নিয়ে যায়।”
কাতারে তালেবানের অফিস বিষয়ে মার্কিন পরিকল্পনায় এই প্রথমবারের মতো সমর্থন জানালেন কারজাই। তালেবানের সঙ্গে ভবিষ্যতের আলোচনাগুলো ওই অফিসেই অনুষ্ঠিত হবে।
জার্মানি ও যুক্তরাষ্ট্র কারজাইকে ছাড়াই তালেবানের অফিস স্থাপনের স্থান ঠিক করেছে বলে এর আগে ক্ষুব্ধ হন তিনি।
তবে কাতারের রাজধানী দোহায় লিয়াজোঁ অফিস স্থাপনের প্রস্তাব বিষয়ে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ মাসের শুরুর দিকে কাতার থেকে রাষ্ট্রদূতও ফিরিয়ে নেয় আফগানিস্তান। কাতার তালেবানের কার্যালয় বিষয়ে আফগানিস্তানকে বিস্তারিত কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মাানির সঙ্গে আলোচনা করছে অভিযোগে রাষ্ট্রদূতকে দেশে ডেকে নেয় আফগানিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪১ ঘ.
bdnews24