২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নত জীবন নয়, দীর্ঘায়ু চায় হৃদরোগীরা’

বয়স্ক মানুষ যখন এমন কোনো দীর্ঘমেয়াদী রোগে ভোগেন যা নিরাময় করা প্রায় অসম্ভব, তখন চিকিৎসক হয়ত ধারণা করেন যে, ওই রোগী দীর্ঘায়ু লাভের চেয়ে বাকি জীবনটা সুস্থভাবে বেঁচে থাকতেই আগ্রহী হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ২৮ (বিডিনউিজ টোয়েনিএটফার ডটকম/রয়টার্স)- বয়স্ক মানুষ যখন এমন কোনো দীর্ঘমেয়াদী রোগে ভোগেন যা নিরাময় করা প্রায় অসম্ভব, তখন চিকিৎসক হয়ত ধারণা করেন যে, ওই রোগী দীর্ঘায়ু লাভের চেয়ে বাকি জীবনটা সুস্থভাবে বেঁচে থাকতেই আগ্রহী হবেন। তবে এ ধরনের চিন্তা যে তা ভুল, সম্প্রতি সুইজারল্যান্ডের গবেষকদের পরিচালিত এক গবেষণায় তা জানা গেছে। ৫৫৫ জন হার্ট ফেইলিওর রোগীর ওপর এ গবেষণা চালানো হয়। এদের অধিকাংশই ৭০ ও ৮০ বছর বয়সী। তাদেরকে জীবন সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্ন করা হয়। এরপর একবছর পর এবং এর ৬ মাস পর তাদের ওপর আবারো গবেষণা চালানো হয়। গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের ৭৪ শতাংশ জানান, উন্নত স্বাস্থ্য নিয়ে এক বছরের চেয়ে বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তারা আরো দুই বছর বেশি বাঁচতে আগ্রহী। এক বছর পর গবেষণায় অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ জানায়, এ রোগের লক্ষণ থেকে মুক্তি পেতে তারা আর সময় ব্যয় করতে আগ্রহী নয়। এর ৬ মাস পর খুব অল্প রোগীর মনোভাবের পরিবর্তন হয়েছিলো। ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিকেল সেন্টারের কার্ডিওলজি বিভাগের ডা. ইউজেন স্টোরোজিনস্কি বলেন, “এ রোগীদের রোগের কষ্ট দূর করার ক্ষেত্রে খাওয়ার ওষুধই এখন পর্যন্ত যথেষ্ট মনে হচ্ছে। আর তাই তারা বারবার হাসপাতালে ভর্তি হতে চায় না।” তিনি আরো জানান, শেষ বয়সে কারো হার্ট ফেইলিওর হলে খুব অল্প সময়ে তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়। আর উন্নত থেরাপি ছাড়া বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৬ মাস বা তার চেয়েও কম। তিনি অবশ্য গবেষণায় অংশ নেননি। হার্ট ফেইলিওর হলো একটি দীর্ঘস্থায়ী ও অনিরাময়যোগ্য অবস্থা। এ অবস্থায় হার্ট শরীরের জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালন করতে পারে না। এর লক্ষণগুলো হলো, নিঃশ্বাসের কষ্ট, দুর্বলতা, পা ফুলে যাওয়া ও হাঁটা বা কাজের শক্তি কমে যাওয়া। হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিকের কারণে ধীরে ধীরে হৃদযন্ত্রের পেশী দুর্বল হয়ে যেতে পারে। আর এটা থেকে হতে পারে হার্ট ফেইলিওর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০০ ঘ.