২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করবেন না জারদারি

সমস্যা জর্জরিত হয়েও নিজ অবস্থানে অটল পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাকে ঘিরে সৃষ্ট বহু সংকটের মুখেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

গারহি খুদা বকশ, পাকিস্তান, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমস্যা জর্জরিত হয়েও নিজ অবস্থানে অটল পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাকে ঘিরে সৃষ্ট বহু সংকটের মুখেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। বেনজির ভুট্টোর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালনকালে মঙ্গলবার তিনি তার সমর্থকদের এ আশ্বাস দেন। স্বেচ্ছা নির্বাসন শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালে আততায়ীর হাতে নিহত হওয়ার পর তার স্বামী আসিফ আলি জারদারি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর থেকে জারদারির সরকার এ মুহুর্তেই সম্ভবত সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। পাকিস্তানের প্রভাবশালী সেনা বাহিনীর বিরুদ্ধে মার্কিন সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো স্মারকলিপির ব্যাপারে মঙ্গলবার তদন্তের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এ মামলায় জারদারির জড়িত থাকারও প্রমাণ মিলতে পারে। জারদারির পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) সদস্যরা জানিয়েছে, সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর সহযোগে সরকারের পতন ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা। সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানি ওই স্মারকলিপির ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছেন। এর ফলে দেশটির সেনা ও সরকারের সম্পর্কে ফাটল ধরেছে। দেশটির ৬৪ বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময়ই ক্ষমতাসীন ছিল সেনা বাহিনী। পুলিশ জানিয়েছে, বেনজির ভুটোর মৃত্যুবার্ষিকীতে ৭০ হাজারের বেশি জনসমাগম হয়। সমাবেশে অটল অবস্থান জানিয়ে জারদারি পদত্যাগ করবেন না বলে সমর্থকদের আশ্বস্ত করেন। তবে সেনাবাহিনীর সমালোচনা করা থেকে বিরত থাকেন তিনি। সমাবেশে জারদারির পিপিপি পার্টির উত্তেজিত সদস্যদের একজন এ সময় বলে ওঠেন, “সেনা বা সুপ্রিম কোর্ট আমাদের সরকার ও দলের কিছুই করতে পারবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৩ঘ.