মুম্বাই, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পার্লামেন্টে ‘ক্ষমতাহীন’ দুর্নীতি বিরোধী আইন নিয়ে বিতর্ক শুরু হওয়ায় মঙ্গলবার থেকে নতুন করে তিনদিনের অনশন শুরু করেছেন সমাজকর্মী আন্না হাজারে।
এ বছরের মধ্যে কঠোর দুর্নীতি বিরোধী আইন প্রণয়নে ব্যাপক জনসমর্থন পাওয়ার চেষ্টা করছেন ৭৪ বছর বয়সী গান্ধীবাদী এ সমাজকর্মী।
মঙ্গলবার ভারতের পার্লামেন্টে দুর্নীতি বিরোধী আইন ‘লোকপাল’ বিলের ওপর বিতর্ক শুরু হয়েছে।
এ সপ্তাহেই বিলের ওপর ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিলে সন্তুষ্ট নন আন্না হাজারে।
অনশন শুরুর সময় তিনি বলেন, “সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণ একদিন সরকারকে শিক্ষা দেবে।”
সেইসঙ্গে তিনি আরো জানান, এ আইন দুর্নীতি প্রতিহত করতে পারবে না।
চলতি বছর অগাস্টে দুর্নীতি বিরোধী কঠোর আইনের দাবিতে অনশন করেন আন্না হাজারে। দুর্নীতি বিরোধী আন্দোলনের জন্য তাকে জেলেও যেতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৪ঘ.
bdnews24