ম্যানিলা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপিাইনে দু’দশকের মধ্যে ভয়াবহ টাইফুন ওয়াশি এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫শ’ জনে। নিখোঁজ রয়েছে আরো অনেকে।
মিনদানাও দ্বীপের দক্ষিণে মঙ্গলবার আরো লাশ পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছে। তবে আরো কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়টি পরিস্কার না হলেও কর্মকর্তারা উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছে।
চলতি বছর ১৬ থেকে ১৮ ডিসেম্বর মিনদানাও দ্বীপের ইলিগান ও কাগিইয়ান ডি ওরো শহর টাইফুন ওয়াশিতে বিপর্যস্ত হয়ে পড়ে।
মঙ্গলবার পানির মধ্যে আরো ২শ’ লাশ পাওয়ার পর টাইফুনে মৃতের সংখ্যা ১ হাজার ৪৫৩ বলে জানিয়েছে ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়।
হতাহতের ঘটনা বেশিরভাগই ঘটেছে কাগায়ান ডি অরে এবং লিগান শহরে। ওই শহরগুলোতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংস হয়েছে ১০ হাজারেরও বেশি বাড়িঘর। বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখের বেশি মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছে স্কুলে, চার্চে, জিমনেসিয়াম এবং সামরিক ঘাঁটিতে।
জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান বেনিটো রামোস বলেছেন, নতুন নিখোঁজদের তালিকা পাওয়ার পর কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান শুরু করেছে। দুর্যোগপূর্ণ এলাকা থেকে ১শ কিলোমিটার দূরের সৈকতে মৃতদেহ পাওয়া গেছে।
রামোস সাংবাদিকদের বলেন, দূর সাগরে অনুসন্ধান কাজের জন্য নৌবাহিনীকে সহায়তা করতে হেলিকপ্টার নামানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৭ঘ.
bdnews24