২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব পর্যবেক্ষক দলের সিরিয়া মিশন শুরু

সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ নিরসনে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বাস্তবায়ন দেখতে মিশন শুরু করেছে আরব লিগের পর্যবেক্ষক দল। মঙ্গলবার দলটি হোমস শহরে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

কায়রো, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ নিরসনে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বাস্তবায়ন দেখতে মিশন শুরু করেছে আরব লিগের পর্যবেক্ষক দল। মঙ্গলবার দলটি হোমস শহরে পৌঁছেছে। পর্যবেক্ষক দল হোমস এ গভর্নরের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে মিশন শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার টেলিভিশন চ্যানেল ‘দুনিয়া’ । পর্যবেক্ষকদল হোমসে যাওয়ার আগেই সেখান থেকে ট্যাংক প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। হোমসের বিরোধী দলীয় কর্মীরাও জানিয়েছে যে, অন্তত ১১ টি ট্যাংক প্রত্যাহার করা হয়েছে এবং বাকিগুলো লুকিয়ে ফেলা হয়েছে। মোহাম্মাদ সালেহ নামে হোমসের আরেক কর্মী বলেন, “আমার বাড়ি বাবা অমরের পূর্ব দিকের প্রবেশ পথে। সকাল ৮টার দিকে ওই অঞ্চল থেকে অন্তত ছয়টি ট্যাংক চলে যেতে দেখেছি। ওখানে আর কোনো ট্যাংক আছে কিনা জানি না।” সোমবার রাতে সিরিয়া পৌঁছায় আরব লিগের শান্তি পর্যবেক্ষক দল। প্রস্তাবিত ১৫০ সদস্যর মধ্যে ৫০ জন সিরিয়া গেছেন এবং ১০ জন করে পাঁচটি ভাগে তারা শান্তি পরিকল্পনার বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন। চলতি বছর মার্চ থেকে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন চলছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী এ বিক্ষোভে সরকারি বাহিনী ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। জাতিসংঘের হিসাবে বিক্ষোভ দমনে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিক্ষুব্ধ শহরগুলো থেকে সেনাপ্রত্যাহার, রাজবন্দি মুক্তি ও বিরোধীদের সঙ্গে আলোচনাসহ একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে আরব লিগ। ওদিকে, সিরিয়ায় আরব লিগ পর্যবেক্ষক দল পৌঁছানোর দিনও হোমসে সরকারি বাহিনীর ট্যাংকের গোলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১২ঘ.