ইসলামাবাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনা প্রধান ও আইএসআই প্রধানকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী, গণমাধ্যমে প্রকাশিত এমন খবর প্রত্যাখ্যান করেছেন ইউসুফ রাজা গিলানি।
সোমবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে ওই খবরকে ‘বোকার চিন্তা’ বলে উড়িয়ে দেন তিনি।
সেনাবাহিনী গণতন্ত্রের সমর্থক বলেও মন্তব্য করেন তিনি।
গত সোমবার পাকিস্তানের ‘দ্যা নিউজ’ পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ ওঠার প্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টিলেলেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী গিলানি।
এর জবাবে গিলানি বলেন, “সরকার আইএসআই’র প্রধান পাশা ও জেনারেল কায়ানিকে সরাতে চাচ্ছে বলে যে কথা শোনা যাচ্ছে তা একেবারেই বাজে কথা।”
“এ ধরনের কথা ছড়ানো ভুল। বিষয়টি সত্য হলে তো আমি তাদের মেয়াদ বাড়াতাম না। আমি সেনাপ্রধানের কাজে সন্তুষ্ট। আমি এই গুজবের অবসান চাই,” বলেন তিনি।
গত বছর কায়ানির মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত আর পাশার মেয়াদ ২০১২ সালের মার্চ পযন্ত বাড়ানো হয়।
গত মে মাসে অ্যাবোটাবাদে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের সেনারা গোপনে হত্যা করার পর থেকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর দূরত্ব বৃদ্ধি পায়।
এরপর স্বাক্ষরবিহীন একটি চিঠিতে সেনাবাহিনীর অভ্যুত্থান থেকে পাকিস্তান সরকারকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়ার কথা ফাঁস হয়ে গেলে দুপক্ষের সম্পর্কের আরো অবনতি হয়।
ওই চিঠির সূত্র ধরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত পদত্যাগ করেন। অভিযোগ ছিলো সরকারের পক্ষ থেকে তিনিই চিঠিটি পাঠিয়েছেন।
বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর ক্রমবর্ধমান দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিলে গত সপ্তাহে গণঅভ্যুত্থানের গুজব নাকচ করে সেনাবাহিনী। প্রসঙ্গত পাকিস্তানের ৬৪ বছরের ইতিহাসের অর্ধেক সময়ই সামরিক সরকার ক্ষমতায় ছিলো।
কায়ানিকে গণতন্ত্রপহ্নী উল্লেখ করে গিলানি বলেন, একটি যুদ্ধের মধ্যে আছে পাকিস্তান, এ অবস্থায় সেনাপ্রধানকে সরানোর প্রশ্নই আসে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24