২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ট্যাংকের গোলা, নিহত ২০

সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদের পরিকল্পিত সফরের আগে হোমস শহরে আসাদ বিরোধীদের সঙ্গে ট্যাংক বাহিনীর লড়ইয়ে সোমবার অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বৈরুত, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদের পরিকল্পিত সফরের আগে হোমস শহরে আসাদ বিরোধীদের সঙ্গে ট্যাংক বাহিনীর লড়ইয়ে সোমবার অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা। সিরিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযান বন্ধ হয়েছে কিনা যাচাই করতে মঙ্গলবার আরব লিগ পর্যবেক্ষকদের সেখানে যাওয়ার কথা রয়েছে। পরিকল্পিত এ সফরের আগেই লড়াইয়ে হতাহতের ঘটনা ঘটলো। সিরিয়ায় চলতি বছর মার্চ থেকে সরকার বিরোধী আন্দোলন চলছে। কিন্তু বিক্ষোভের নয় মাসেও আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখাচ্ছেন না প্রেসিডেন্ট আসাদ। সরকারি বাহিনী ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আরব লিগ সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকার বিরোধী দমনাভিযান বন্ধ করে বিরোধীদের সঙ্গে আলোচনাসহ একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। এ শান্তি পরিকল্পনার বাস্তবায়ন পর্যবেক্ষণ করতেই সিরিয়া যাচ্ছেন আরব লিগের পর্যবেক্ষকরা। কিন্তু তার একদিন আগেও থেমে নেই সহিংসতা আর হতাহতের ঘটনা। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এক বিবৃতিতে বলেছে, হোমস এর ‘দ্য বাবা’ অমর এলাকায় প্রচন্ড গোলা হামলা, মেশিনগানের গুলি ও মর্টার হামলা চলছে।” হোমসের এক বাসিন্দা বলেন, “দুপক্ষই সহিংসতায় অংশ নিয়েছে। গত কয়দিন ধরে আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স যেতে দেখেছি। তারা কোনো না কোনোভাবে গুলিবিদ্ধ হয়েছে।” আরব লিগের ১৫০ জন পর্যবেক্ষকের মধ্যে ৫০ জন সোমবার সিরিয়া পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার তারা হোমস-এ যাবেন। রোববার সিরিয়া পৌঁছান প্রধান পর্যবেক্ষক সুদানি জেনারেল মোহাম্মাদ আল-দাবি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনাভিযানে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৪ঘ.