করাচি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানের ‘পাকিস্তান তেহরিক ই ইনসাফ’ (পিটিআই) পার্টি করাচিতে বিশাল সমাবেশ করেছে।
এটি সা¤প্রতিক কালে করাচিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ বলে ধারণা করছেন অনেকে।
রোববার অনুষ্ঠিত এ সমাবেশে অন্তত ১ লাখ থেকে দেড় লাখ মানুষ উপস্থিত ছিলো বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। তবে সমাবেশে ৫ লাখ মানুষ উপস্থিত ছিলো বলে তেহরিক ই ইনসাফ দাবি করেছে।
গত ৩০ অক্টোবর লাহোরে ইমরান খানের অপর একটি সমাবেশে এক থেকে দুই লাখ লোকসমাগম হয়েছিলো। ওই সময় তা ছিলো পাকিস্তানের অন্যতম বড়ো রাজনৈতিক সমাবেশ।
পাকিস্তানের প্রধান দুটি শহরে তেহরিক ই ইনসাফ এর পরপর দুটি সমাবেশে ব্যাপক লোক সমাগম হওয়ায় রাজনীতিক হিসেবে ইমরান খান পর্যবেক্ষদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা ইমরান খানকে ক্ষমতাসীন রাজনৈতিক দল পিপিপি’র জন্য সবচেয়ে বড় হুমকি বলে বিবেচনা করছে।
বিশাল জনসমাবেশে ৫৯ বছর বয়সী ইমরান খান আসিফ আলি জারদারি সরকারের শাসন নিয়ে অসন্তুষ্ট জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।
তিনি বলেন, “আমাদের দরকার এমন একটি সরকার যারা বিরাজমান পরিস্থিতিতে পরিবর্তন আনতে ও দুর্নীতি বন্ধ করতে পারবে, তাই আমাদের পিটিআইকে ক্ষমতায় আনা দরকার।”
“প্রথমেই আমাদের যা করতে হবে তা হলো দুর্নীতি বন্ধ করা,” বলেন তিনি।
তেহরিক ই ইনসাফ ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে বড় দুর্নীতিগুলো বন্ধ করা হবে বলে সমাবেশে অঙ্গীকার করেন তিনি।
পাকিস্তানের ক্ষমতাসীন বেসামরিক রাজনীতিক ও সামরিক বাহিনীর জেনারেলদের মধ্যে বিরোধ যখন প্রকাশ্য রূপ নিচ্ছে ঠিক এসময়েই ইমরান খান করাচিতে সমাবেশ করলেন।
সেনা অভ্যুত্থানের গুজব উড়িয়ে দিলেও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিষয়ে বিরক্তি গোপন রাখেনি সেনাবাহিনী। জারদারিকে ক্ষমতা থেকে সরাতে সেনাবাহিনী সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ অথবা আগাম নির্বাচন চায়।
পাকিস্তানের সা¤প্রতিক জরিপগুলোতে দেখা যায়, ইমরান খান দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। শহরবাসীর মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়।
সাবিনা সাফি নামের ২৮ বছর বয়সী এক স্কুল শিক্ষক বলেন, “এখন একটি পরিবর্তন প্রয়োজন আর শুধু পিটিআই ও ইমরান খানই আনতে পারে সেই পরিবর্তন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24