হাভানা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব কিউবার গুয়ানতানামো প্রদেশের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নৌকার আরোহীরা হাইতির অধিবাসী বলে জানা গেছে।
শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে কিউবার টেলিভিশন প্রতিবেদন সূত্রে জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, গুয়ানতানামোর পুন্টা মাইসি থেকে ১শ মিটার দূরে দুর্ঘটনাকবলিত নৌকাটি দেখতে পায় কিউবার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সেখান থেকে তারা সাতজন নারীসহ ৮৭ জনকে উদ্ধার করে।
নৌকার আরোহী ১৭ জন নারী ও ২১ জন পুরুষ ডুবে মারা যায়।
তবে নৌকা ডোবার কারণ ও এর যাত্রীরা কোথায় যাচ্ছিল সে ব্যাপারে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি। তারা অন্য কোনো দেশের উদ্দেশে হাইতি থেকে যাত্রা করেছিলো বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার অভিযান এখনো চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24