ইসলামাবাদ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদায় ঘণ্টার অশনী সংকেতের মুখে থাকা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কি ক্ষমতায় টিকবেন?
পাকিস্তানের প্রভাবশালী জেনারেলদের অভ্যূত্থানের ষড়যন্ত্রের অভিযোগ সম্বলিত স্মারকলিপির হুমকির মুখে থাকা জারদারি কখনোই ঘটনাচক্রে প্রেসিডেন্ট হওয়ার দুর্নাম ঢাকতে পারেননি।
পাকিস্তানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার কিছুদিন পরই আততায়ীর হাতে নিহত হলে ২০০৮ সালের ভোটে তার স্বামী জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এ সপ্তাহে দুবাই থেকে চিকিৎসা নিয়ে জারদারি দেশে ফেরার পর ধারণা করা হচ্ছিলো সামরিক বাহিনীর চাপে তাকে পদত্যাগ করতে হতে পারে।
যুক্তরাষ্ট্রে পাঠানো স্মারকলিপির পেছনে কে জড়িত তা তদন্ত করে খুঁজে বের করতে বেশ তোড়জোড় চালিয়ে যাচ্ছে দেশটির সবচেয়ে ক্ষমতাশালী প্রতিষ্ঠান, সেনাবাহিনী।
সেনাবাহিনীর অভ্যুত্থান চক্রান্তের আশঙ্কায় পেন্টাগনের সহায়তা চেয়ে পাঠানো ওই স্মারকলিপি আর জারদারির মধ্যে কোন যোগসূত্র পাওয়া গেলে তাকে প্রেসিডেন্সি খোয়াতে হবে। এতে ইতোমধ্যে অস্থিতিশীল রাষ্ট্র পাকিস্তান আরো বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে।
বেনজির ভুট্টোর মত জারদারি মোটেই জনমানুষের সাথে সম্পৃক্ত নন। ২০১০ সালের বন্যার সময় বিষয়টি আরো স্পষ্ট হয়েছে।
দেশ যখন স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি তখন তিনি ইউরোপ সফরে এবং তাৎক্ষণিকভাবে ফিরে আসার কোন পরিকল্পনা তার ছিল না।
ওই বন্যায় দেশের ২০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যায় এবং গৃহহীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ।
২০০৮ সালে ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি.এল) নির্বাচনে অংশ নেওয়ার পর জনগণ কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের হাত থেকে মুক্তি পেতে আশার আলো দেখেছিলো। এছাড়া ইসলামি জঙ্গিদের ক্রমবর্ধমান তৎপরতা বন্ধের স্বপ্ন ছিল তাদের চোখে মুখে।
কিন্তু জারদারি জনগণের সে স্বপ্ন পূরণে ব্যর্থ, সে আশা এখন ধুলিস্যাৎ। জারদারি সামন্ত প্রভুদের মত জনগণের চাওয়া-পাওয়াকে উপেক্ষা করে গেছেন সবসময়। দেশে তার ইমেজ গড়ে উঠেছে উদাসীন প্লে¬বয় হিসেবে।
দেশ যখন সংকটের পর সংকট পার করছে, আত্মঘাতী বোমার আঘাতে জর্জরিত তখন তিনি পালন করেছেন নীরব ভূমিকা।
কোন রাজনৈতিক পুনর্গঠন বা অর্থনৈতিক সমৃদ্ধিতেও তার কোন অবদান নেই।
তার নেতৃত্ব দেওয়ার দক্ষতা নেই বলে আগেই মন্তব্য করেছেন পশ্চিমা কর্মকর্তারা।
রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে জারদারিকে ক্ষমতা থেকে সরে যেতে চাপ দিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানিও।
তবে অন্য আরো অনেক রাজনৈতিক নেতাই আছেন যাদের চেয়ে জারদারির ওপরই বেশি ভরসা করা যায়- এমন ধারণাও আছে সামরিক বাহিনীতে। জারদারির জন্য তা আশার আলো।
কিন্তু স্মারকলিপি পাঠানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মাসে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের পদত্যাগের পর জারদারি এ যাত্রায় ক্ষমতায় টিকবেন কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনেই।
তার ওপর নানা ঘটনার ঘনঘটায় তার ভিতও এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক নড়বড়ে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি, গোপন মার্কিন অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিল লাদেন হত্যা, সীমান্তে ন্যাটো হামলার মতো ঘটনায় আলোচনা সমালোচনার পাশাপাশি নিজেও অপরাধ মামলায় জর্জরিত জারদারি। আর রাজনৈতিক দিক থেকেও তার অবস্থা এখন অত্যন্ত নাজুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৩ঘ.
bdnews24