ম্যানিলা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপিাইনে গত সপ্তাহের টাইফুন ওয়াশি এবং বন্যায় ১ হাজার ৭৯ জন নিখোঁজ হওয়ার কথা শুক্রবার জানিয়েছে দেশটির বিপর্যয় মোকাবেলা সংস্থা।
এ টাইফুনে ইতোমধ্যেই ১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে টাইফুন ওয়াশিতে সৃষ্ট বন্যায় ১ হাজার ৮০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা।
বৃহস্পতিবার সংস্থাটি বহু মানুষ নিখোঁজ হওয়ার কথা জানায়। কিন্তু শুক্রবার তারা এ সংখ্যা ১ হাজারের বেশি বলে জানায়। লোকজন এখনো তাদের আত্মীয়স্বজনদের নিখোঁজ হওয়ার খবর দিচ্ছে।
হতাহতের ঘটনা বেশিরভাগই ঘটেছে কাগায়ান ডি অরে এবং লিগান শহরে। ওই শহরগুলোতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছে স্কুলে, চার্চে, জিমনেসিয়াম এবং সামরিক ঘাঁটিতে।
জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান বেনিটো রামোস বলেছেন, নতুন নিখোঁজদের তালিকা পাওয়ার পর কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান শুরু করেছে। দুর্যোগপূর্ণ এলাকা থেকে ১শ কিলোমিটার দূরের সৈকতে ইতোমধ্যে কিছু মৃতদেহও পাওয়া গেছে।
রামোস সাংবাদিকদের বলেন, দূর সাগরে অনুসন্ধান কাজের জন্য নৌবাহিনীকে সহায়তা করতে হেলিকপ্টার নামানো হয়েছে। তিনি নিখোঁজের সংখ্যা ১০৭৯ বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৯ঘ.
bdnews24