ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উন্মোচন করা হয়েছে প্রযুক্তিবিদ ও অ্যাপল ইনকর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি ব্রোঞ্জের ভাস্কর্য।
চলতি বছর ৫ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্টিভ জবস।
এনডিটিভির এক খবরে বলা হয়, বুদাপেস্টে সফটওয়ার নকশা তৈরির কোম্পানি ‘গ্রাফিসফট’ সদর দপ্তরের সামনে এ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। মূর্তিটি গড়া হয়েছে কোম্পানির প্রতিষ্ঠাতা গাবোর বোজারের অনুদানে।
গ্রাফিসফটের দাবি, বিশ্বে এটাই জবসের প্রথম ভাস্কর্য। প্রায় ২ মিটার লম্বা এবং ২২০ কেজি ওজনের এই মূর্তিটি নির্মাণ করেছেন হাঙ্গেরির ভাস্কর ইর্নো টথ। জাম্পার ও জিন্স পরিহিত ব্রোঞ্জের জবস যেন দুই হাত ছড়িয়ে অ্যাপলের নতুন কোনো পণ্যের কথা জানাচ্ছেন বিশ্বকে।
জবসের এ ভাস্কর্যের পায়ের কাছে বসানো হয়েছে আইপ্যাড আকারের একটি তামার ট্যাবলেট, যাতে লেখা অ্যাপল প্রতিষ্ঠাতার সেই বিখ্যাত উক্তি- ‘ভাল কিছু করার উপায় হলো- যা ভালবাসি তাই করা”।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৩৮ ঘ.
bdnews24