২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জারদারির বিদায় ঘণ্টার ইঙ্গিত

সেনাবাহিনী আসিফ আলি খান জারদারিকে চায় না, রয়টার্সে এই প্রতিবেদন প্রকাশের দিনই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বললেন, ষড়যন্ত্র চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দশককাল সামরিক শাসনে থাকার পর গণতন্ত্র এলেও আবার পুরনো ধারা ফেরার শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানে। রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, ‘অজনপ্রিয়’ প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারির বিদায় চাইছে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী। তবে অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়, সেনাবাহিনী আইনি প্রক্রিয়ায়ই বেনজির ভুট্টোর স্বামীর অপসারণ চায় বলে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। একইদিন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ইসলামাবাদে এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। গিলানিকে উদ্ধৃত করে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, “আমি স্পষ্ট বলতে চাই, নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টা চলছে। তবে পাকিস্তানিদের অধিকার রক্ষায় আমাদের সংগ্রাম চলবে, তা ক্ষমতায় থেকেই হোক, আর বাইরে থেকেই হোক।” এ বছরের মে মাসে মার্কিন বাহিনীর অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর পাকিস্তানি সেনাবাহিনী অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে- এ ধরনের বার্তা ওয়াশিংটনে পাঠানোর খবরে পাকিস্তানে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন চলছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “জারদারির ওপর কে না বিরক্ত? শুধু বিরোধীরা নয়, রাস্তার লোক থেকে শুরু করে সরকারের লোক পর্যন্ত সবাই তার ওপর নাখোশ।” “কিন্তু যা হওয়ার তা আইনি পন্থায়ই হতে হবে। সেনাবাহিনী কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে না। এমন চেষ্টা করা হলেও তা ভালো কিছু হবে না। জনগণ তা পছন্দ করবে না,” বলেন ওই কর্মকর্তা। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। সেনাপ্রধান আশফাক কায়ানিও ২০০৭ সালে সেনা প্রধানের দায়িত্ব নেয়ার পর থেকে সেনাবাহিনীকে পাকিস্তানের রাজনীতি থেকে দূরে রাখার অঙ্গীকার করেন, যে দেশটির প্রতিষ্ঠার পর থেকে অধিকাংশ সময় সেনাশাসনেই ছিলো। ১৯৪৭ সালের পর পাকিস্তানে তিনবার সামরিক অভ্যুত্থান হয়েছে। এরপর আবারো সামরিক অভ্যুত্থান হলে সেনাবাহিনীর ভাবমূর্তি আরো ক্ষুন্ন হবে। পাকিস্তানে গোপন মার্কিন অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যায় সেনাবাহিনীর ভাবমূর্তি এমনিতেই অনেকটা ক্ষুন্ন হয়েছে। কিন্তু পাকিস্তানে সেনাবাহিনী এখনো ক্ষমতার নিয়ন্তা এবং বিশেষজ্ঞদের মতে, জারদারিকে ক্ষমতাচ্যুত করতে চাপ দেওয়ার জন্য সেনাবাহিনীর হাতে বহু উপায় আছে। বিশেষ করে আশঙ্কাজনক সেনা অভ্যুত্থান এড়ানোর জন্য পেন্টাগনের সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো স্মারললিপির সঙ্গে জারদারি যোগসূত্র পাওয়া গেলে পদত্যাগের জন্য তাকে চাপ দেওয়ার কাজটি সেনাবাহিনীর পক্ষে অনেক সহজ হয়ে যাবে। যুক্তরাজ্যের ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’ পত্রিকায় পাকিস্তানের একজন ব্যবসায়ী মনসুর ইজাজ ১০ অক্টোবর লিখেছিলেন, ওই স্মারকলিপি পাঠানোর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি জড়িত। হাক্কানি এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এ নিয়ে বিতর্কে পরবর্তীতে তিনি পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/১৯৩৬ঘ.