মেলবোর্ন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় এক ছাত্রকে হত্যার দায়ে বৃহস্পতিবার এক অস্ট্রেলীয় কিশোরের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে।
২০১০ সালে মেলবোর্নে ভারতীয় নাগরিক নিতিন গার্গকে হত্যা করে ১৭ বছর বয়সী অস্ট্রেলীয় ওই কিশোর। হত্যাকাণ্ডের সময় তার বয়স ১৫ বছর ছিল। আদালতের নির্দেশে নাম প্রকাশ না করে তাকে ‘জেএলই’ নামেই ডাকা হয়।
অস্ট্রেলিয়ার ‘ভিক্টোরিয়ান সুপ্রিম কোর্ট’র বিচারক পল কোলানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ঘটনাক্রমে হত্যাকাণ্ডটি হয়ে গেছে।
তবে অভিযুক্ত জেএলই বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিতিনকে অনুসরণ করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় অজান্তেই তাকে ছুরি মারে। এর পেছনে বর্ণবাদী কোনো কারণ ছিলো না।
এতে বলা হয়েছে, “এটা মারাত্মক একটি অপরাধ হলেও ঘটনাচক্রে তা ঘটে গেছে।”
ওই বিচারক আরো জানান, নিতিনকে হত্যার উদ্দেশ্য ছিল না জেএলই’র। সে জানেও না কখন ছুরিকাঘাত করেছে। তারপরেও সে হত্যার দায়ে অভিযুক্ত। কেননা ঘটনাটি সহিংস হত্যাকাণ্ড।
২০০৯ ও ২০১০ সালে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকজন ভারতীয় শিক্ষার্থীকে হত্যা করা হয়। এরপর ভারত থেকে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৯ঘ.
bdnews24