২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঙ্গোয় নির্বাচনপরবর্তী সহিংসতায় ২৪ জনের মৃত্যু’

কঙ্গোয় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে। গতমাসে দেশটিতে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন সংঘর্ষে পুলিশের গুলিতে তারা মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

কিনশাসা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোয় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে। গতমাসে দেশটিতে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন সংঘর্ষে পুলিশের গুলিতে তারা মারা যায়। মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একথা জানিয়েছে। তারা জানায়, অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে রাজধানী কিনশাসায়। এখানে বিরোধী দলীয় নেতা এতিয়েন সিসেকেদির বিপুল সমর্থন রয়েছে। মানবাধিকার সংস্থাটি জানায়, কিনশাসায় ২০ জন, উত্তর কিভুতে দুইজন ও কাসাই প্রদেশে দুজন নিহত হয়েছে বলে তাদের কাছে প্রমাণ রয়েছে। আর নিরাপত্তা বাহিনী যে এসব হত্যাকান্ডের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে সে বিষয়েও তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এইচআরডব্লিউ জানায়, হত্যাকান্ড ও ব্যাপক ধরপাকড়ের ঘটনা হচ্ছে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে চলা জনবিক্ষোভ দমনের চেষ্টা। এইচআরডব্লিউ’র সিনিয়র আফ্রিকা রিসার্চার আনেকে ভ্যান উডেনবার্গ বলেন, “এ ধরনের পরিকল্পনা নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে এবং সরকার এটাই প্রমাণ করছে যে ক্ষমতায় থাকতে যা যা করা দরকার তারা তা করবে।” এ সপ্তাহে প্রেসিডেন্ট জোসেফ কাবিলা শপথ নিয়েছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী এতিয়েন এখনও নিজেকে জয়ী দাবি করছে। ২০০৩ সালের গৃহযুদ্ধের অবসানের পর এবারই প্রথমবারের মতো দেশটিতে স্থানীয়ভাবে নির্বাচনের আয়োজন করা হয়। গত ৯ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে জেসেফ কাবিলাকে জয়ী ঘোষণা করা হয়। তবে এতিয়েন ও তার সমর্থকরা তাৎক্ষণিকভাবে এ ফলাফল প্রত্যাখ্যান করে। এতে দেশটির রাজধানীতে সংঘর্ষ বেধে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৬ ঘ.