২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেইভিকের মানসিক অসুস্থতা নিয়ে সন্দেহ

নরওয়ের গণহত্যাকারী আন্ড্রেস ব্রেইভিককে মানসিক রোগী বলে ঘোষণা দেওয়া প্রতিবেদনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রতিবেদন পর্যালোচনা কমিটির কয়েকজন সদস্য। প্রতিবেদনটিতে গুরুতর সমস্যা আছে বলে মনে করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

অসলো, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের গণহত্যাকারী আন্ড্রেস ব্রেইভিককে মানসিক রোগী বলে ঘোষণা দেওয়া প্রতিবেদনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রতিবেদন পর্যালোচনা কমিটির কয়েকজন সদস্য। প্রতিবেদনটিতে গুরুতর সমস্যা আছে বলে মনে করছেন তারা। বুধবার এ খবর জানিয়েছে নরওয়ের এনআরকে স¤প্রচার কর্তৃপক্ষ। গত জুলাইয়ে নরওয়ের বাসিন্দা ব্রেইভিক রাজধানী ওসলোতে বোমা হামলা চালানোর পর নিকটবর্তী একটি দ্বীপে গিয়ে নির্বিচার গুলি চালিয়ে ৭৭ জন তরুণ-তরুণীকে হত্যা করে। নিহতরা একটি রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে ওই দ্বীপটিতে অবস্থান করছিল। অভিবাসনবিরোধী ও তথাকথিত উগ্র ধর্মীয় কারণে ব্রেইভিক ওই বোমা হামলা ও হত্যাকান্ডের ঘটনা ঘটায়। গত ২৯ নভেম্বর আদালতের নিযুক্ত দু’জন মনোবিদ ব্রেইভিককে মানসিক রোগী এবং কারাগারে বসবাসের অনুপযোগী বলে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিবেদনটি পর্যালোচনা করতে গিয়ে কমিটি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে এনআরকে। পর্যালোচনা কমিটির তিনজন সদস্য প্রতিবেদটির বিষয়ে গুরুতর আপত্তি উত্থাপন করেছেন আর ‘ব্রেইভিককে কারাগারে পাঠানো যাবে না’, এমন সিদ্ধান্তের বিষয়েও আপত্তি জানিয়েছেন এদের একজন। ‘ব্রেইভিক মানসিক রোগী’, এমন সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন পর্যালোচনা কমিটির কয়েকজন সদস্য। ব্রেইভিকের ‘আদর্শিক’ অবস্থান নিয়ে প্রতিবেদনে কোনো আলোচনা না থাকায় অন্যান্যরাও আপত্তি তুলেছেন । এ অবস্থায় পর্যালোচনা কমিটি পুনরায় ব্রেইভিকের মানসিক পরীক্ষা করার দাবি জানাতে পারে বলে জানিয়েছে এনআরকে। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে বলে জানিয়েছে পর্যালোচনা কমিটি । যদি পর্যালোচনা কমিটির প্রতিবেদনেও ব্রেইভিককে মানসিক রোগী হিসেবে ঘোষণা করা হয়, তবে নরওয়ের আইন অনুযায়ী তাকে কারাগারে পাঠানো যাবে না। নরওয়ের আদালতের নির্দেশে যে সব মানসিক প্রতিবেদন দাখিল করা হয় সাধারণত তার অধিকাংশই পর্যালোচনা কমিটির অনুমোদন পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৩ ঘ.