দুবাই, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন বংশোদ্ভূত নিহত আল কায়দা নেতা আনয়ার আল-আওলাকির একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এতে তিনি মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলোতে যোগ দিতে মার্কিন মুসলিমদের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার ইসলামি ওয়েবসাইটগুলোতে প্রচারিত এ ভিডিওচিত্রে তিনি বলেন, “আপনাদের সামনে দুটো পথ খোলা রয়েছে। হয় হিজরা (অভিবাসন) অথবা জিহাদ (পবিত্র যুদ্ধ)।
“আমি বিশেষভাবে যুবকদের পশ্চিমাদের সঙ্গে লড়াই অথবা আফগানিস্তান, ইরাক ও সোমালিয়ায় তাদের ভাইদের সঙ্গে জিহাদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।”
ইংরেজি ভাষায় দেওয়া এই ভাষণে তিনি আরো বলেন, “আমি ইয়েমেনে আমাদের নতুন ফ্রন্টে যোগ দিতে তাদের আমন্ত্রণ জানাচ্ছি। এ ঘাঁটি থেকে আরবীয় উপদ্বীপের বৃহৎ জিহাদ শুরু হবে, এ ঘাঁটি থেকে ইসলামের বৃহত্তম সৈন্যদল সামনের দিকে এগিয়ে যাবে।”
ভিডিওচিত্রটিতে ২০১০ সালের মার্চ মাসে ইস্যুকৃত আমেরিকান জনগণের উদ্দেশে দেওয়া আওলাকির একটি বার্তাও সংযুক্ত রয়েছে।
২০০৯ সালে আরব উপদ্বীপ থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে আল কায়দার ব্যর্থ বোমা হামলা চেষ্টার সঙ্গে আওলাকি জড়িত ছিলেন। এছাড়া একই বছর মার্কিন সেনা ঘাঁটিতে ১৩ জনকে হত্যার জন্য দায়ী মার্কিন সেনাবাহিনীর এক মনঃস্তত্ব¡বিদের সঙ্গেও তার যোগাযোগ ছিলো।
চলতি বছরের সেপ্টেম্বরে ইয়েমেনের দুর্গম অঞ্চলে সিআইএ’র একাধিক চালকবিহীন বিমান (ড্রোন) থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান তিনি।
মার্কিন গোয়েন্দারা তাকে আল কায়দার ইয়েমেন শাখার প্রধান (চিফ অব এক্সটারনাল অপারেশনস) হিসেবে আখ্যায়িত করেছে।
গত নভেম্বর মাসে ইরাক ও আফগানিস্তান থেকে ফেরত আসা মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করার উদ্দেশ্যে পাইপ বোমা তৈরির অভিযোগে আওলাকির এক অনুসারীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫৩ ঘ.
bdnews24