২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার উপমন্ত্রীর আত্মহত্যা

আর্জেন্টিনার বৈদেশিক বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী ইভান হেইন আত্মহত্যা করেছেন। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে মারকোসার সম্মেলনে যোগ দিতে আসা ওই মন্ত্রীকে নিজ হোটেল কক্ষে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনার বৈদেশিক বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী ইভান হেইন আত্মহত্যা করেছেন। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে মারকোসার সম্মেলনে যোগ দিতে আসা ওই মন্ত্রীকে নিজ হোটেল কক্ষে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। ৩৩ বছর বয়সী ইভান হেইন প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ সরকারের একজন উদীয়মান ও সম্ভাবনাময় মন্ত্রী ছিলেন। ইভানের মৃত্যুর খবর শোনার পর বিষন্ন প্রেসিডেন্ট ক্রিশ্চিনা তাৎক্ষণিকভাবে সভাস্থল ত্যাগ করেন। তিনি অসুস্থও হয়ে পড়েন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইভান হেইনের মৃত্যু আত্মহত্যা হলেও তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উরুগুয়ে পুলিশের মুখপাত্র হোসে লুইস রোলডান। চলতি বছরের অক্টোবরে ক্রিশ্চিনা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অর্থনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা ইভান হেইনকে বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ের আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা ফোরাম হচ্ছে মারকোসার। তবে এই সম্মেলনে যোগ দিয়েছেন ভেনেজুয়েলা ও ইকুয়েডরের নেতারাও। এবারের সম্মেলনের মূল ইস্যু হচ্ছে ভেনেজুয়েলাকে পূর্ণ সদস্যপদ দেওয়া। প্যারাগুয়ে পার্লামেন্টের বিরোধী দলের বিরোধিতার কারণে ভেনেজুয়েলাকে দীর্ঘদিন ধরেই সদস্যপদ দেওয়া যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২১ ঘ.