২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় সংঘর্ষ চলছে

মিশরে সেনাশাসনাবসানের দাবিতে রাজধানী কায়রোয় বিক্ষোভরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ মঙ্গলবার ৫ম দিনে গড়িয়েছে। শুক্রবার থেকে এ পর্যন্ত সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

কায়রো, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে সেনাশাসনাবসানের দাবিতে রাজধানী কায়রোয় বিক্ষোভরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ মঙ্গলবার ৫ম দিনে গড়িয়েছে। শুক্রবার থেকে এ পর্যন্ত সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। বিক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস ও লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও সেনাসদস্যরা। বিক্ষোভকারীরাও পাথর নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। তাহরির স্কয়ার বিক্ষোভকারীমুক্ত করতে অস্ত্রসহ লাঠি ও টিয়ারগ্যাস ব্যবহার করে পুলিশ। ওদিকে, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করে। সর্বশেষ সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে বেশি। আহত হয়েছে আরো শশ মানুষ। গ্রেপ্তার হয়েছে বহুসংখ্যক। রাজনীতিবিদ এবং পার্লামেন্টের সদস্যরা তাহরির স্কয়ারে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের হটিয়ে দেয় পুলিশ। ভিডিও ফুটেজে সেনাদেরকে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করতে দেখা গেছে। সেনাদের দিকে পাল্টা পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ঐতিহাসিক বইপত্র রাখা সরকারি একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেনাবাহিনী এ ঘটনার জন্য আন্দোলনকারীদের দায়ী করেছে । ক্ষমতাসীন সেনা কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটানো হচ্ছে। এক সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদের সদস্য জেনারেল আদেল এমারা বলেন, “মিশরের নিরাপত্তাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে একটি মহল পরিকল্পিতভাবে মিশরকে ধ্বংস করতে চায়।” “বিপ্লবের শুরু থেকেই একটি অপশক্তি সেনাবাহিনীকে জনগণের সঙ্গে সংঘর্ষে টেনে নিয়ে মিশরকে বিশৃঙ্খল করে তোলার চেষ্টা করছে,” বলেন তিনি। স্বাধীনতা চত্বরে সেনা ও পুলিশরা “সংযম” প্রদর্শন করছে বলে তিনি দাবি করেন। অথচ একদিন আগেই জাতিসংঘের মহাসচিব বান কি মুন মিশরের আন্দোলনকারীদের ওপর নিরাপত্তাবাহিনীর ‘অতিরিক্ত শক্তি প্রয়োগের’ নিন্দা করেছেন। এছাড়া, আন্দোলনকারীদের ওপর সহিংস দমননীতি চালানোর কারণে মানবাধিকার পর্যবেক্ষক অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, অস্ত্র সরবরাহকারীদের প্রতি মিশরের সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনীগুলোর কাছে হালকা অস্ত্র ও গোলাগুলি পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৯ঘ.