২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় পক্ষত্যাগী ৭০ সেনাকে হত্যা’

সিরিয়ায় অন্ততপক্ষে ৬০ থেকে ৭০ জন পক্ষত্যাগী সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার লক্ষ্যে সেনা ঘাঁটি থেকে পালানোর সময় তাদের হত্যা করা হয় বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় অন্ততপক্ষে ৬০ থেকে ৭০ জন পক্ষত্যাগী সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার লক্ষ্যে সেনা ঘাঁটি থেকে পালানোর সময় তাদের হত্যা করা হয় বলে জানা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ৭০ জনেরও বেশি পক্ষত্যাগী সেনাকে হত্যা করা হয়েছে। তারা আরো জানায়, সোমবার সিরিয়াজুড়ে অন্ততপক্ষে ১১০ জন নিহত হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়া অবজারভেটরি’ জানায়, পক্ষত্যাগী এক সেনা ইদলিবে ৬০ থেকে ৭০ জন সেনাকে হত্যার কথা জানিয়েছে। সংস্থাটি আরো জানায়, “ইদলিব জেলার জাবিয়া পার্বত্যাঞ্চলের কেনসাফ্রা ও কেফার গ্রামের ভেতর দিয়ে সামরিক অবস্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাদের গুলি করে হত্যা করা হয়। ওদিকে, আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুসারে সিরিয়া দেশটিতে আরব পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়ার অনুমতি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মৌলেম। চুক্তিতে দামেস্কর সংশোধন প্রস্তাব আরব লিগ মেনে নিয়েছে বলে জানান তিনি। আরব লিগের এক কূটনীতিকও সিরিয়ায় আরব পর্যবেক্ষক ঢুকতে দেওয়ার অনুমতি চুক্তি সই করার খবর নিশ্চিত করেছেন। সিরিয়া আরব লিগ প্রস্তাবিত শান্তি চুক্তির অন্যান্য শর্তগুলো মেনে নিলেও পর্যবেক্ষক প্রবেশের অনুমতি দিতে কয়েক সপ্তাহ সময় নিল। এই চুক্তিতে সিরিয়া সই না করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার হুমকি দিয়েছিলো আরব লিগ। আর এ হুমকির পরপরই সিরিয়া চুক্তি সই করে। এর আগে সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর দমনাভিযানের জন্য আরব লিগ থেকে দেশটিকে সাময়িকভাবে বহিষ্কার করাসহ সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আরব লিগ। প্রসঙ্গত, প্রায় নয় মাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভ চলছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এ বিক্ষোভ দমনাভিযানে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৬ ঘ.