ইলিগান, ফিলিপাইন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে টাইফুনে প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থা। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।
টাইফুন ওয়াশির ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস, ঢল ও ভূমিধসে হতাহতের ঘটনার পর মঙ্গলবার জাতীয় দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিঙ্গো অ্যাকুইনো।
শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের মিনদানো দ্বীপে আঘাত হানে টাইফুন ওয়াশি। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টাইফুনে ৯শ’ ৫৭ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো ৪৯ জন। আর এরা বেশির ভাগই মিনদানো দ্বীপের কাগাইয়ান ডি ওরো ও ইলিগানের বাসিন্দা।
ওয়াশির কারণে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
মঙ্গলবার প্রেসিডেন্ট অ্যাকুইনো কাগাইয়ান ডি ওরো ও ইলিগানের কর্মকর্তারাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, “এ ধরনের দুর্যোগে বিপদমুক্ত স্থানগুলো আগে শনাক্ত করতে হবে।”
ওদিকে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, টাইফুনে ১৩টি প্রদেশের ৩ লাখ ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখনও প্রায় ৪৩ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে।
প্রেসিডেন্ট অ্যাকুইনোর মুখপাত্র রিরি কারানদাং জানান, জাতীয় দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও বাসস্থান তৈরিতে তহবিলের ব্যবস্থা করতে সরকারকে সহায়তা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৭ ঘ.
bdnews24