ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির বিরুদ্ধে পলায়নপর ও অপমানজনক আচরণের অভিযোগ তুলেছেন একটি লাইফ স্টাইল ম্যাগাজিনের সম্পাদক।
নিউ ইয়র্কের পত্রিকা ‘লাইফ স্টাইল’র সম্পাদক ডেবোরাহ রোজ নিজের টুইটার পাতায় একটি পোস্টের মাধ্যমে এ অভিযোগ জানিয়েছেন।
ডেবোরাহ বলেন, তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে নিজে থেকেই বেশ কয়েকবার ডিনারে আমন্ত্রণ জানান রুশদি। এরপর ফেইসবুকের মাধ্যমে সম্পর্ক শেষ করার কথা জানিয়ে পলায়নপর ভীরুর মতো কাজ করেছেন তিনি।
দি ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে ২ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
ডেবোরাহ রোজ নিজের টুইটার পোস্টে তাকে আমন্ত্রণ জানিয়ে পাঠানো একাধিক ফেইসবুক বার্তার কথা উল্লেখ করে বলেন, “কখনো নিজেকে নেতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ দিও না কাউকে।”
এসব বার্তায় রুশদি রোজকে ‘বাস্তবে’ তার সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানান, কারণ ইন্টারনেটের ‘সীমাবদ্ধতা রয়েছে’।
নিউ ইয়র্ক পোস্ট সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বিভিন্ন সময়ে তাদের সাক্ষাৎপর্বের ঘটনা অজানা রয়েছে। তবে এরপর গত অগাস্টে আরেকটি ফেইসবুক বার্তায় নম্রভাবে তাদের এ সম্পর্ক শেষ করার কথা জানান।
রোজ বলেন, আমার আচরণ বন্ধুত্বপূর্ণ ছিলো। কিন্তু তার এ আচরণ অপমানজনক এবং তার প্রতিশোধের মতোই হাস্যকর।
তবে অপর এক খবরে প্রকাশ, ডেবোরাহ রোজকে বেশ কয়েকবার ঘনিষ্ঠতম সম্পর্কে যাওয়ার প্রস্তাব দিয়ে সাড়া না পেয়েই সরে এসেছেন রুশদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৪৭ ঘ.
bdnews24