কায়রো, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর মধ্যকার সহিংসতা সোমবার চতুর্থ দিনে গড়িয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
একইসঙ্গে মানবাধিকারকে শ্রদ্ধা করে চলতে মিশরের সামরিক শাসকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
রাজধানী কায়রোয় সামরিক শাসনাবসানের দাবিতে সোমবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে মিশরীয়দের সার্বজনীন অধিকারকে শ্রদ্ধা জানানোর জন্য নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে বিক্ষোভকারীদের সহিংস আচরণ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
হিলারি ছাড়াও বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কায়রোর আন্দোলনকারীদের ওপর নিরাপত্তাবাহিনীগুলোর অতিরিক্ত শক্তি ব্যবহারের নিন্দা জানিয়েছেন মহাসচিব বান কি মুন।
গত তিনদিন ধরে কায়রোয় নিরপত্তাবাহিনী-আন্দোলনকারী সংঘর্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
রোববার রাতে প্রায় এক হাজার আন্দোলনকারী "তানতাবি নিপাত যাক" স্লোগান দিয়ে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) বিক্ষোভ মিছিল করে।
চলতি বছর ফেব্র"য়ারিতে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করছে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত সেনাপরিষদ।
ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেন তানতাবি ক্ষমতাসীন সেনাপরিষদের প্রধান। কার্যত তিনিই এখন মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।
তানতাবিসহ সেনাপরিষদের ক্ষমতা ছাড়ার দাবিতে বিক্ষোভ করছে আন্দোলকারীরা। তারা চায় সেনাপরিষদ বেসামরিক অন্তর্র্বতী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক।
গত তিন দিনের সংঘর্ষের ভিডিও ফুটেজে দেখা যায়, দাঙ্গা মোকাবেলায় প্রস্তুত সেনারা লম্বা লাঠি দিয়ে বিক্ষোভরত আন্দোলনকরীদের আঘাত করছে। তারা রাস্তায় পড়ে যাওয়ার পরেও আঘাত চালিয়ে যাচ্ছে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
সেনাবাহিনীর আচরণে অনেক মিশরবাসীই ক্ষুব্ধ। অন্যরা রাস্তায় বিক্ষোভ করার চেয়ে নির্বাচনকেই বেশি গুরুত্ব দিতে চায়। বিশেষ করে ইসলামপন্থীরা। তারা আশা করছে নির্বাচনে তাদেরই জয় হবে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তাদের প্রত্যাশা সত্য বলে প্রমাণিতও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৫ঘ.
bdnews24