করাচি, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাই থেকে চিকিৎসা শেষে পাকিস্তানে ফিরেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
সোমবার সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি বিমানঘাঁটিতে এসে পৌঁছান তিনি।
সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শাজিয়া মারি রয়টার্সকে বলেন, “আল্লার রহমতে প্রেসিডেন্ট (জারদারি) সুস্থ থাকায় দেশে ফিরে এসেছেন। তবে আগামী কয়েকদিন চিকিৎসকদের নির্দেশনার ওপর ভিত্তি করেই তার কর্মসূচী চলবে।”
চলতি বছর ৬ ডিসেম্বর হৃদরোগের চিকিৎসার জন্য দুবাই যান আসিফ আলি জারদারি।
ওদিকে বিবিসির এক খবরে বলা হয়েছে, জারদারি পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন শুরু করবেন কিনা তা এখনো পরিস্কার নয়। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে বলে এর আগে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়।
পাকিস্তানি সেনাবাহিনীর অভ্যুত্থান ষড়যন্ত্র রুখতে সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে স্মারকলিপি পাঠানোর বিষয়টি ফাঁস হয়ে যাওয়া কেলেঙ্কারিতে চাপের মুখে রয়েছে দেশটির বেসামরিক সরকার।
তবে যুক্তরাষ্ট্রে স্মারকলিপি পাঠানোতে নিজের ভূমিকা থাকার বিষয়টি অস্বীকার করেছেন জারদারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫১ ঘ.
bdnews24