কায়রো, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্দোলনকারীদের ওপর মিশরের নিরাপত্তা বাহিনীগুলোর অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গত তিনদিন ধরে চলা নিরাপত্তাবাহিনী-আন্দোলনকারী সংঘর্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
রোববার রাতেও প্রায় এক হাজার আন্দোলনকারী “তানতাবি নিপাত যাক” বলে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) বিক্ষোভ মিছিল করে।
গত ফেব্র“য়ারিতে মুবারকের পতনের পর থেকে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করছে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত সেনাপরিষদ। ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেন তানতাবি ক্ষমতাসীন সেনাপরিষদের প্রধান। কার্যত তিনিই এখন মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।
তানতাবিসহ সেনাপরিষদের ক্ষমতা ছাড়ার দাবিতে বিক্ষোভ করছে আন্দোলকারীরা। তারা চায় সেনাপরিষদ বেসামরিক অর্ন্তর্বতী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক।
জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “কায়রোর আন্দোলনকারীদের ওপর নিরাপত্তাবাহিনীগুলোর অতিরিক্ত শক্তি ব্যবহারের বিষয়ে মহাসচিব বান কি মুন নিন্দা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকারসহ মানবাধিকার সমুন্নত ও রক্ষা করার জন্য মিশরের অর্ন্তর্বতী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।”
গত তিন দিনের সংঘর্ষের ভিডিও ফুটেজে দেখা যায়, দাঙ্গা মোকাবেলায় প্রস্তুত সেনারা লম্বা লাঠি দিয়ে বিক্ষোভরত আন্দোলনকরীদের আঘাত করছে। তারা রাস্তায় পড়ে যাওয়ার পরেও আঘাত চালিয়ে যাচ্ছে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
রয়টার্স প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, রাস্তায় পড়ে যাওয়া এক নারী আন্দোলনকারীকে তার পরিহিত শার্টের কলার ধরে দুজন সেনা হিঁচড়ে নিয়ে যাচ্ছে তাতে ওই নারীর অন্তর্বাস প্রকাশ্যে চলে আসে।
মিশরের চলমান পার্লামেন্ট নির্বাচনের কারণে আন্দোলনকারী-সেনা সংঘর্ষের ঘটনাটি কিছুটা আড়ালে চলে গেছে। কারণ স্মরণকালের মধ্যে এ ধরনের অবাধ নির্বাচন মিশরে আর হয়নি।
সেনাবাহিনীর আচরণে অনেক মিশরবাসীই ক্ষুব্ধ। অন্যরা রাস্তায় বিক্ষোভ করার চেয়ে নির্বাচনকেই বেশি গুরুত্ব দিতে চায়। বিশেষ করে ইসলামপন্থীরা। তারা আশা করছে নির্বাচনে তাদেরই জয় হবে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তাদের প্রত্যাশা সত্য বলে প্রমাণিতও হয়েছে।
জানুয়ারিতে পার্লামেন্টের নিুকক্ষের চলমান নির্বাচন শেষ হওয়ার পরও মিশরের ক্ষমতা সেনাপরিষদের হাতেই থেকে যাবে। তবে জুলাইয়ে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছে সেনাপরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২২ ঘ.
bdnews24