ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়া নামে পরিচিত ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইল। তিনি দ্বিতীয় কিম জং নামেও পরিচিতি।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সাবেক সোভিয়েত ইউনিয়নের রেকর্ড অনুযায়ী জন্মের পর তার নামকরণ করা হয় ইউরি ইরসেনোভিচ কিম। উত্তর কোরিয়ার রেকর্ড অনুযায়ী তিনি ১৯৪২ সালের ১৬ ফেব্র“য়ারি জন্মগ্রহণ করেন। তবে সোভিয়েত রেকর্ড অনুযায়ী তার জন্ম ১৯৪১ সালের ১৬ ফেব্র“য়ারি।
তিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সাংয়ের প্রথম সন্তান।
২০০৯ সালের এপ্রিলে উত্তর কোরিয়ার সংবিধানে তাকে দেশের “সর্বোচ্চ নেতা” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি ছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্র স্বীকৃত একমাত্র রাজনৈতিক দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান। বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মির শীর্ষ কমান্ডার ছিলেন তিনি।
তার ছেলে কিম জং উন কোরিয়ার ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির পরবর্তী শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি “প্রিয় নেতা”, “আমাদের পিতা”, “জেনারেল” ইত্যাদি নামেও পরিচিত ছিলেন। ২০১০ সালে ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায় তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের তালিকায় ৩১ নম্বরে স্থান পান।
১৮ ডিসেম্বর উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর প্রকাশ করে। জানা গেছে ১৭ ডিসেম্বর তিনি মারা গেছেন।
১৯৯৪ সালের ৮ জুলাই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার ‘শীর্ষ নেতা’র পদে আসীন ছিলেন।
দীর্ঘদিন ধরেই তার শারীরিক অসুস্থতা নিয়ে গুঞ্জন ছিল। বিভিন্ন সময় তার মৃত্যুর বিষয়েও অনেক গুজব ছড়িয়ে পড়ে। তবে যতদূর জানা যায় তিনি ডায়বেটিকে ভুগছিলেন। এছাড়া কয়েকবার তিনি পক্ষাঘাতেও আক্রান্ত হয়েছেন বলে শোনা যায়। সর্বশেষ উইকিলিকস প্রকাশিত মার্কিন গোপন নথি অনুযায়ী তিনি ইপিলিপ্সিতে ভুগছিলেন।
২০০২ সাল থেকে উত্তর কোরিয়া কিম জংয়ের নেতৃত্বে পরমাণু অস্ত্র তৈরি শুরু করে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাশক্তিগুলোর বিরোধিতার সম্মুখীন হন। দেশটির ওপর বেশ কয়েকটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও জারি করা হয়।
২০০৬ সালের ৯ অক্টোবর দেশটি প্রথম ভূ-গর্ভস্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০০ ঘ.
bdnews24