২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে

ফিলিপাইনে টাইফুনে সৃষ্ট জলোচ্ছ্বাস, ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা ছয়শ’ ৫০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ আরো আট শতাধিক মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 03:18 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

কাগাইয়ান ডি ওরো, ফিলিপাইন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফিলিপাইনে টাইফুনে সৃষ্ট জলোচ্ছ্বাস, ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা ছয়শ’ ৫০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ আরো আট শতাধিক মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার রাতে ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিনদানাও দ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড় ওয়াশি। ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। গৃহহীন হয়ে পড়ে অন্তত এক লাখ মানুষ। ঝড়ে বেশ কয়েকটি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকে। ঘূর্ণিঝড়ে ইলিগান ও কাগাইয়ান ডি ওরো শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় চারশ’ মানুষ এখনো নিখোঁজ রয়েছে। তাদের বেশিরভাগই ইলিগানের একটি উপকূলীয় গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় এদের ঘরে পানি ঢোকে এবং বাসিন্দাদের নিয়ে ঘরবাড়ি সাগরে ভেসে যায়। কাগাইয়ানের মেয়র ভিসেন্তে ইমানো বেতারে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের শহরের প্রথমবারের মতো এমন ঘটনা হল। ঘূর্ণিঝড় আঘাত হানার আগে ওই অঞ্চলে কর্মকর্তারা যথেষ্ট সতর্ক সংকেত পায়নি বলেও তিনি জানান। ফিলিপাইনের ন্যাশনাল রেড ক্রস (পিএনআরসি)’র হিসেব অনুসারে দক্ষিণাঞ্চলের মিনদানাও দ্বীপের আটটি প্রদেশে ঘূর্ণিঝড়ে অন্তত ছয়শ’ ৫২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আট শতাধিক নিখোঁজ রয়েছে। পিএনআরসি’র মহাসচিব গোয়েনডোলিন পাং রয়টার্সকে বলেন, “নিখোঁজদের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। বন্যায় ঘরসহ পুরো পরিবার ভেসে গেছে। পরিবারের সবাই মারা যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বিষয়টি সম্পর্কে তথ্য দেয়ার কেউ নেই এমনও হতে পারে।” ২০০৯ সালে ফিলিপাইনে ঘূর্ণিঝড় অনডোই আঘাত হানলে রাজধানী ম্যানিলাও পানিতে ভেসে যায়। ওই ঝড়ে কয়েকশ’ মানুষ মারা যায়। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, উষ্ণমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’ ঘণ্টায় ৭৫ থেকে ৯০ কিলোমিটার বেগে শনিবার সকালে মিনদানাও দ্বীপের ইলিগান শহরের পশ্চিমের দিপোলোগ শহরের কাছ দিয়ে বয়ে গেছে। এটি সুলু সাগরের দিকে যাচ্ছে। টেলিভিশনে স¤প্রচারিত চিত্রে দেখা গেছে, কাদার নিচে মৃতদেহ পড়ে আছে, একটার ওপর আরেকটা গাড়ি পড়ে আছে ও ঘরবাড়ি ভেঙে-চুরে আছে। হেলিকপ্টার ও নৌকায় করে সাগরে উদ্ধার কাজ চলছে। সেনাবাহিনীর আরেক মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল র‌্যান্ডোল্ফ ক্যাবাংব্যাং সাংবাদিকদের বলেন, সাগর থেকে অন্তত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইলিগানের মেয়র লরেন্স ক্রুজ বলেন, এক ঘণ্টারও কম সময়ে তিন ফুটের বেশি পানি উঠে আসলে অনেকেই হতবাক হয়ে যায়। ঘরের ছাদে উঠে মানুষ আশ্রয় নেয়। “অনেকে ঘুমিয়ে থাকা অবস্থায় পানি ঘরে ঢোকে। কয়েক বছরের মধ্যে এটাই আমাদের শহরে সবচেয়ে খারাপ বন্যা।” ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ও উদ্ধার সংস্থার প্রধান বেনিতো রামোস বলেন, ঝড়ে নিহতদের বিষয়ে এখনও তথ্য পাওয়া যাচ্ছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। তিনি বলেন, “ওই অঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছে, বিশেষ করে ইলিগান সিটি ও কাগাইয়ান ডি ওরো সিটিতে।” গত ২৪ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নদীগুলোর পানিও উপচে পড়ছে। কাগাইয়ান ডি ওরো সিটিতে উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীর পুরো একটি ডিভিশন মোতায়েন করা হয়েছে। এতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লিওপোলদো গালোন জানিয়েছেন। ফিলিপাইনে বছরে অন্তত ২০টি ঝড় আঘাত হানে। এ বছর সেপ্টেম্বরে এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে নেসাত ও নালগায়ে নামের দুটি ঝড়ে অন্তত একশ মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫১ঘ.