প্রাগ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চেক প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট ভ্যাকল্যাভ হাভেল রোববার ৭৫ বছর বয়সে মারা গেছেন।
দীর্ঘদিন রোগভোগের পর রোববার সকালে প্রাগের উত্তরপূর্বে নিজ গ্রামের বাড়িতে তিনি মারা যান। এক বিবৃতিতে একথা জানিয়েছেন হাভেল এর সেক্রেটারি সাবিনা তানসেকোভা।
১৯৮৯- ৯২ সাল পর্যন্ত হাভেল ছিলেন চেকোস্লাভাকিয়ার ১০ম এবং শেষ প্রেসিডেন্ট। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে যাওয়ার পর ওই বছর থেকে ২০০৩ সাল পর্যন্ত চেক রিপাবলিকের প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি।
চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট হিসাবে তিনি কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক উত্তরণ ও মুক্ত বাজার অর্থনীতির পথ প্রদর্শক ছিলেন।
তাছাড়া, ১৯৭০ এর দশকে ভিন্নমতাবলম্বী একজন নাট্যকার হিসাবে তিনি আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছিলেন।
কমিউনিস্ট শাসনামলে হাভেল কারাবন্দি হয়েছিলেন এবং তারপর রক্তপাতহীন ‘ভেলভেট রেভল্যুশনের’ নেতৃত্ব দিয়ে চেক প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল ব্লিড তার টুইটার বার্তায় হাভেলের প্রসংশা করে বলেছেন, “তিনি আমাদের সময়কার অন্যতম খ্যাতিমান একজন ইউরোপীয়। তিনি স্বাধীনতার যে জয়গান গেয়েছিলেন তাই-ই গোটা ইউরোপজুড়ে মুক্তির পথ প্রশস্ত করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০২ঘ.
bdnews24