কায়রো, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোয় রোববার তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীদের সঙ্গে সেনা পুলিশের সংঘর্ষ হয়েছে। তিনদিন ধরে চলা এ সংঘর্ষে এখনও পর্যন্ত ১০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
মিশরের টেলিভিশন চ্যানেলেগুলোতে দেখা গেছে, সেনা পুলিশ ব্যারিকেড অতিক্রম করে তাহরির স্কয়ারে প্রবেশ করে বিক্ষোভকারীদের সঙ্গে মারামারি করছে।
শনিবার সন্ধ্যায় তাহরির স্কয়ারের রাস্তায় সেনা মোতায়েন করা হয়।
শুক্রবার দিনভর সেখানে সংঘর্ষ হয়েছে। এতে আরো ২৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ।
বুধ ও বৃহস্পতিবার মিশরের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরপর দুইদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরদিনই সংঘর্ষ শুরু হয়।
শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করতে চাইলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়। এসময় নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে কায়রোর কেন্দ্রস্থল নিরাপত্তা বাহিনীর ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরমধ্যেই জনতা- সেনা সংঘর্ষ চলতে থাকে।
রাত নামার সঙ্গে সঙ্গে মন্ত্রীপাড়া ও পার্লামেন্ট ভবনের আশেপাশে সংঘর্ষ আরো তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা সেনাদের লক্ষ করে পেট্রল বোমা ও পাথর ছুড়ে মারে। ব্যাটন ও বৈদ্যুতিক ‘ক্যাটেল প্রড’ (হালকা শক দেওয়ার যন্ত্র) ব্যবহার করে সেনারাও পাল্টা জবাব দেয়।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেনা (এমইএনএ) জানায়, নিহতদের মধ্যে ইসলামি ফতোয়া পরিষদ দার আল-ইফতাহ্’র শীর্ষ কর্মকর্তা এমাদ ইফ্ফাতও রয়েছেন।
আহতদের মধ্যে অনেকেই গুলিতে আহত হয়েছেন। যদিও এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে।
সংঘর্ষের জন্য নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়িকে দায়ী করেছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেনা পরিষদ।
সেনাবাহিনীর দাবি, পার্লামেন্ট ভবনের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনরত এক কর্মকর্তা আক্রমণের শিকার হলে ঘটনার সূত্রপাত হয়।
এ সংঘর্ষের ঘটনায় মিশরের ক্ষমতাসীন সেনাবাহিনীর সঙ্গে বিরোধীদের টানাপড়েন আরো গভীর হলো। এ ঘটনায় চলমান পার্লামেন্ট নির্বাচনের ‘মেঘমুক্ত আকাশে মেঘের আনাগোনা’ শুরু হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১২ঘ.
bdnews24