২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়া নেচে জানালেন, তিনি সুস্থ

বড় ধরনের অস্ত্রোপচারের চার মাসের মাথায় এক অনুষ্ঠানে আদিবাসী নারীদের সঙ্গে নাচে অংশ নিয়ে ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনীয়া গান্ধী জানিয়ে দিলেন, ভালোই সামলে উঠেছেন তিনি। বাজনার তালে পা মিলিয়ে যেন বলে দিলেন, নেতৃত্বে এখানো তিনিই আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 05:58 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ধরনের অস্ত্রোপচারের চার মাসের মাথায় এক অনুষ্ঠানে আদিবাসী নারীদের সঙ্গে নাচে অংশ নিয়ে ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনীয়া গান্ধী জানিয়ে দিলেন, ভালোই সামলে উঠেছেন তিনি। বাজনার তালে পা মিলিয়ে যেন বলে দিলেন, নেতৃত্বে এখানো তিনিই আছেন। গত অগাস্ট মাসে যুক্তরাষ্ট্রে অত্যন্ত গোপনে সোনিয়ার দেহে অস্ত্রোপচার হয়। তার অসুস্থতা বা চিকিৎসার বিষয়ে পরিবার বা দল কোনো তথ্য প্রকাশ না করায় শুরু হয় নানা জল্পনা-কল্পনা। সেপ্টেম্বরে দেশে ফিরে ২ অক্টেবার মহাত্মা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন নেহরু পরিবারের উত্তরসূরিদের প্রধান। আর শুক্রবার অংশ নেন মহিলা কংগ্রেসের জাতীয় সম্মেলনে। ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দু জানায়, সম্মেলনে অংশ নিতে শুক্রবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আকবর রোডের পার্টি অফিসে জড়ো হয়েছিলেন আদিবাসী নারীরা। বক্তৃতার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মহারাষ্ট্র থেকে আসা একদল নারী সোনিয়াকে তাদের ঐতিহ্যবাহী নাচের সঙ্গে তাল মেলানোর আহ্বান জানলে তাতে সাড়া দেন সভানেত্রী। মঞ্চ থেকে নেমে আদিবাসী নারীদের মাঝে মিশে গিয়ে প্রায় ১০ মিনিট নাচের তালে পা মেলান ভারতের সবচেয়ে ক্ষমতাধর নারী। অস্ত্রোপচারের ধকল সামলে উঠতে দেশে ফেরার পর বেশিরভাগ সময় বিশ্রামেই কেটেছে কংগ্রেস সভানেত্রীর। মহিলা কংগ্রেসের অনুষ্ঠানে তাকে নাচতে দেখে নেতা-কর্মীরা শুরুতে কিছুটা উৎকণ্ঠা বোধ করলেও পরে তারাও যোগ দেন উচ্ছ্বাসে। ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া ভারত সরকারের কোনো পদে না থাকলেও তাকে দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। কংগ্রেস প্রধান হলেও ২০০৪ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন তিনি। শুক্রবারের অনুষ্ঠানে তিনি নারী নেত্রীদের উদ্দেশে সোনিয়া বলেন, আদিবাসী অধ্যূষিত এলাকাগুলোতে দলের কেন্দ্রীয় কর্মসূচি পৌঁছে দিলেই হবে না, স্থানীয় পর্যায়ে সব ঠিকঠাক না চললে প্রতিবাদও জানাতে হবে। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু গান্ধী পরিবারের উত্তরসূরিদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৩০ ঘ.