২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ প্রস্তাবনার পর নতুন করে বিক্ষোভ সিরিয়ায়

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার সিরিয়া বিরোধী খসড়া প্রস্তাবনার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভে ফেটে পড়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

বৈরুত, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার সিরিয়া বিরোধী খসড়া প্রস্তাবনার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ-বিক্ষোভে নামে অসংখ্য মানুষ। নিরাপত্তা বাহিনীর হাতে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসী ও আন্দোলনকর্মীরা। দির আল জোর এবং হোমস শহরে শুক্রবার এ হত্যার ঘটনা ঘটে। হোমস শহরে ২লাখ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’। আল জাজিরা টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট আসাদসহ ৫ জনের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়েছে। সিরিয়ায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় বিক্ষোভকারীদের সঠিক সংখ্যা যাচাই করা যায়নি। তবে বিক্ষোভে এ বিপুল মানুষের অংশগ্রহণের খবর সত্য হলে সিরিয়ায় কয়েক সপ্তাহের মধ্যে এটিই অন্যতম বড় বিক্ষোভ। সিরিয়া সঙ্কট নিরসনে পশ্চিমা বিশ্বকে অবাক করে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবনা পেশের পরিপ্রেক্ষিতে দেশটিতে বিক্ষোভ আরো জোরদার হলো বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার দেওয়া ওই প্রস্তাবে সিরিয়ার সরকার ও বিরোধী দুপক্ষেরই সহিংসতার নিন্দা করা হয়েছে, তবে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে কিছু বলা হয়নি। রাশিয়ার জাতিসংঘ দূত ভিটলে চারকিন বলেছেন, প্রস্তাবে সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে, এ প্রস্তাবনা যথেষ্ট কঠোর নয়। তারপরও এ প্রস্তাব নিয়ে তারা আলোচনা করবে। তবে এতে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন ও আরব লিগের নিষেধাজ্ঞা বাস্তবায়নের মতো বিষয়গুলোতে আরো কঠোর ভাষা ব্যবহার করা হোক এমনটিই চান পশ্চিমা কূটনীতিকরা। বিশেষত, প্রস্তাবনায় সিরিয়ায় সহিংসতার জন্য প্রাথমিকভাবে দামেস্ককেই দায়ী করা এবং সরকার ও বিরোধী দুপক্ষের ওপর সমান দায় না চাপানোই উচিত বলে মনে করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৪০ঘ.