ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের হাতে দেশটির সাবেক নেতা গাদ্দাফি ধরা পড়ার পর নিহত হওয়ার ঘটনাটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলে অভিমত প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইন কর্মকর্তা।
বৃহস্পতিবার আইসিসির আইন কর্মকর্তা লুইস মরেনো ওকাম্পো বলেন, “আমি মনে করি যে প্রক্রিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাতে যুদ্ধাপরাধের পর্যায়ভুক্ত হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। ”
তিনি আরো বলেন, “আমি মনে করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের উদ্বেগের বিষয়টি দেশটির জাতীয় কর্তৃপক্ষকে অবহিত করেছি। কর্তৃপক্ষ এ ধরনের অপরাধের ব্যাপারে তদন্তের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।”
পশ্চিমা মিত্রদের ব্যাপক চাপের মুখে লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্র্বতী পরিষদ (এনটিসি) গাদ্দাফি ও তার ছেলে মোতাসসিমের হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলে প্রতিশ্র“তি দিয়েছে।
এরআগে বুধবার আইনজীবীর মাধ্যমে বাবা ও ভাই হত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আইনকর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন গাদ্দাফি কন্যা আয়েশা গাদ্দাফি।
আয়েশা গাদ্দাফির চিঠি পাঠানোর ঠিক একদিন পর ওকাম্পো এসব কথা বলেন।
আয়েশার ওই চিঠিতে বলা হয়, “মুয়াম্মার গাদ্দাফি ও তার সন্তান মোতাসসিমকে অত্যন্ত বীভৎসভাবে খুন করা হয়, এরপর তাদের প্রাণহীন দেহের প্রদর্শনী করা হয় ও পরে দেহগুলো বিকৃত করা হয়। এটি ইসলামি আইনের সুস্পষ্ট লঙ্ঘণ।”
গত অক্টোবরে গাদ্দাফি ও মোতাসসিমকে তাদের নিজ শহর সির্ত ছেড়ে পালানোর সময় আটক করা হয়। লিবিয়ার ক্ষমতাসীন নতুন নেতাদের অনুসারীরা তাদের আটক করার কিছুক্ষণ পরই হত্যা করে। তবে কেন ও কি পরিস্থিতিতে তাদের হত্যা করা হয় তা প্রকাশ করা হয় নি।
এ ঘটনার আগেই অগাস্টে আয়েশাসহ গাদ্দাফি পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিবেশি দেশ আলজেরিয়ায় পালিয়ে যায়।
নেদারল্যান্ডের হেগভিত্তিক আন্তর্জাতিক আদালত এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুয়াম্মার গাদ্দাফি, তার ছেলে সাইফ আল ইসলাম ও লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
চিঠিতে আয়েশা গাদ্দাফি আইসিসির আইনকর্মকর্তার কাছে জানতে চান, তিনি আয়েশার বাবা ও ভাইয়ের হত্যাকাণ্ডের তদন্ত করছেন কিনা বা ওই হত্যাকাণ্ডের তদন্ত করতে লিবিয়ার কর্তৃপক্ষকে বাধ্য করার পদক্ষেপ নেবেন কিনা।
গাদ্দাফিকে আটক করার আগ মুহূর্তে তাকে বহনকারী গাড়ি বহরে ন্যাটো বিমান হামলা চালিয়েছিলো বলে প্রকাশিত প্রতিবেদনর সূত্র ধরে আইসিসি খোঁজ নিচ্ছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে আয়েশার আইনজীবীর পাঠানো চিঠিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১০ ঘ.
bdnews24