নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ হলো ইরাক যুদ্ধ। বৃহস্পতিবার ইরাকে মার্কিন সামরিক পতাকা নামানোর মধ্য যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা যুদ্ধ শেষের ঘোষণা দিয়ে বলেন, “এ অভিযানে ব্যয়, রক্তক্ষয় বৃথা যায়নি। মার্কিন সেনারা গর্ব নিয়েই দেশে ফিরবে।”
তিনি বলেন, “ইরাকি ও মার্কিনিদের অনেক রক্তপাতের বিনিময়ে ইরাক নিজেদের শাসন ও সুরক্ষার সক্ষমতা অর্জন করেছে।”
সেনাবাহিনীর প্রথা অনুসারে বাগদাদে প্রতীকী ওই সমাপণী অনুষ্ঠানে মার্কিন সামরিক পতাকা নামিয়ে ভাঁজ করে ফেলা হয়। পতাকাটি এখন যুক্তরাষ্ট্রে ফেরত নিয়ে যাওয়া হবে।
৯ বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের মার্চে ইরাকে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র।
ইরাকি কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে অবশিষ্ট সাড়ে পাঁচ হাজার মার্কিন সেনার বেশিরভাগই ইতোমধ্যে বাগদাদ ছেড়ে যাচ্ছে।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “মার্কিন সেনারা একটি সার্বভৌম, স্থিতিশীল ও স্বনির্ভর ইরাক পেছনে রেখে আসছে।”
প্রায় নয় বছর ধরে চলা ইরাক যুদ্ধে সাড়ে চার হাজার মার্কিন সেনা ও এক লাখেরও বেশি ইরাকি নিহত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রায় ১ ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি ইরাকে স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনা প্রত্যাহারের এ পদক্ষেপের সমালোচনা করছে। কিন্তু সাধারণ মার্কিনিরা ওবামার এ পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।
বুধবার নর্থ ক্যারোলাইনায় ইরাক ফেরত সেনাদের উদ্দেশ্যে এক ভাষণে ওবামা, ইরাক যুদ্ধকে মার্কিন সেনাদের অসাধারণ অর্জন বলে প্রশংসা করেছেন। সেইসঙ্গে ইরাক থেকে মার্কিন সেনারা ‘মাথা উঁচু করে’ ফিরেছে বলে মন্তব্য করেন তিনি।
নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে দেওয়া ওই ভাষণে তিনি ইরাক যুদ্ধে দায়িত্ব পালনকারী সেনা এবং নিহত সেনা ও তাদের পরিবারের প্রতিও শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী মিশেলও।
ইরাকে প্রায় নয় বছর ধরে চলা যুদ্ধে মার্কিন সেনাদের সাহসিকতার প্রশংসা করে ওবামা বলেন, বৃহস্পতিবার বাগদাদে আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনাদের অবদান স্মরণের পরই বাদবাকী সেনা দেশে ফিরবে।
মার্কিন সেনারা মাথা উচুঁ করে দেশে ফিরছেন উল্লেখ করে তিনি বলেন, “তাদের লড়াই ও জীবন বিসর্জন বৃথা যাবেনা।”
বারাক ওবামা কখনই এ যুদ্ধে সমর্থন জানাননি এবং এখন তিনিই এর পরিসমাপ্তি ঘটাচ্ছেন।
ওবামা জানান, ইরাকে প্রায় ১৫ লাখ মার্কিন সেনা দায়িত্ব পালন করেছে। ২০০৭ সালে দেশটিতে মার্কিন সেনা সংখ্যা ছিলো সর্বোচ্চ, প্রায় ১ লাখ ৭০ হাজার। পরবর্তীতে সেনা প্রত্যাহারের পর সেখানে থেকে যায় মাত্র সাড়ে ৫ হাজার সেনা।
চলতি বছর অক্টোবর মাসে ২০১১ সালের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ওবামা। ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবিল্লউ বুশও এ ঘোষণাই দিয়েছিলেন।
ইরাকে থাকা সর্বশেষ মার্কিন সেনাদেরকে আর অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত বছর অগাস্টে ইরাক থেকে বেশ কিছু সেনা দেশে ফেরে।
এখন সব মার্কিন সেনা দেশে ফিরলে ইরাক আবারো রক্তক্ষয়ী সা¤প্রদায়িক সহিংসতায় নিমজ্জিত হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
বেশিরভাগ ইরাকিরই ধারণা এই সেনা প্রত্যাহারে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। দেশজুড়ে চলতেই থাকবে বোমা হামলা, সহিংসতা, হত্যাযজ্ঞ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/১৬২০ ঘ.
bdnews24