নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যের ‘আরব বসন্ত’ থেকে শুরু করে নিউ ইয়র্কের ‘অকুপাই ওয়াল স্ট্রিট’- এই সব আন্দোলনে অংশ নেওয়া ‘প্রতিবাদী’ মানুষেরাই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের চোখে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব।
টাইমের মতে, তিনিই হলেন বর্ষসেরা ব্যক্তিত্ব যিনি কোনো না কোনোভাবে বছরের নানা ঘটনাকে প্রভাবিত করে থাকেন।
এক বিবৃতিতে টাইম সম্পাদক রিক স্টেনজেল বলেন, “বৈশ্বিক পরিস্থিতি কি হতাশাজনক? সবখানেই। মনে হচ্ছে লোকে বলছে যথেষ্ট হয়েছে।”
“তারা বিরোধিতা করেছে, দাবি জানিয়েছে। তারা হতাশ হয়নি। এমনকি যখন তারা কাঁদানে গ্যাস বা বুলেটে তাদের জবাব পেয়েছে তখনও নয়।”
স্টেনজেলের মতে, একজন ব্যক্তির কাজ যে বিপুল সামষ্টিক পরিবর্তন আনতে পারে তা তারা বাস্তবে করে দেখিয়েছে।
চলতি বছর প্রায় সব মহাদেশেই শান্তিপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে অস্থিরতাপূর্ণ প্রতিবাদের ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্য কাঁপানো ‘আরব বসন্তের’ ‘প্রতিবাদীদের’ সঙ্গে ক্রমশ এক সূত্রে গাঁথা হয়ে উঠছে ইজরায়েল, ভারত, চিলি, চীন, ব্রিটেন, স্পেনসহ নানা দেশ এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের [অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের] ‘প্রতিবাদীরা’।
টাইম সাময়িকীর র্বষসেরা ব্যক্তিত্বের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকর্যাভেন। তিনি যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন কমান্ড প্রধান। গত মে মাসে পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যা করার গোপন অভিযানের নেতৃত্বে ছিলেন তিনি।
চীনের প্রতিবাদী শিল্পী আই উয়েইউয়েই রয়েছেন তৃতীয় অবস্থানে। চলতি বছর তাকে ৮১ দিন গোপন স্থানে আটকে রাখে চীনা কর্তৃপক্ষ। পুরো চীনের মানুষ এ সময় তার পক্ষে অবস্থান নেয়।
চতুর্থ অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বাজেট কমিটির চেয়ারম্যান পল রায়ান। তালিকায় এর পরই আছেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন।
বিডিনিউজ ােটয়েন্টিফোর ডটকম/পিডি/০০৫৪ ঘ.
bdnews24