২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জন্য মন্দের ভালো গিংরিচ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে রিপাবলিকান মিট রমনির চেয়ে মন্দের ভালো নিট গিংরিচ। তেমন আভাসই পাওয়া যাচ্ছে রয়টার্স/ইপসোস জরিপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে রিপাবলিকান মিট রমনির চেয়ে মন্দের ভালো নিট গিংরিচ। তেমন আভাসই পাওয়া যাচ্ছে রয়টার্স/ইপসোস জরিপে। প্রেসিডেন্ট পদপ্রার্থীতায় রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে ১০ পয়েন্টে এগিয়ে গেছেন নিট গিংরিচ। জরিপে দেখা গেছে, আইওয়ায় মনোনয়নের চূড়ান্ত প্রতিযোগিতায় নামার আগেই দেশজুড়ে রিপাবলিকান ভোটারদের মধ্যে ২৮ শতাংশ সমর্থন পেয়েছেন গিংরিচ। অন্যদিকে, মিট রমনি পেয়েছেন ১৮ শতাংশ সমর্থন। কিন্তু তারপরও গিংরিচ ওবামাকে পরাজিত করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। জরিপে দেখা গেছে, গিংরিচ প্রতিদ্বন্দ্বিতায় উঠে এলে ওবামা তাকে ৫১ থেকে ৩৮ শতাংশ ভোটে পরাজিত করতে পারবেন। যেটা রমনির ক্ষেত্রে সম্ভব হবে না। রমনি প্রতিদ্বন্দ্বিতায় উঠে এলে এ ব্যবধান কমে দাঁড়াবে ৪৮ থেকে ৪০ শতাংশ। ফলে গিংরিচকে মনোনীত করার ক্ষেত্রে রিপাবলিকানদের ঝুঁকির বিষয়টিও এ থেকে স্পষ্ট। বিতর্কে গিংরিচ তার পরদর্শীতার কারণে কিছু রিপাবলিকান সদস্যের সমর্থন পাচ্ছেন যারা রমনির বিকল্প খুঁজছেন। কিন্তু মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিট গিংরিচের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার নজির আছে। এ কারণে স্বতন্ত্র ভোটাররা তার বিপক্ষে চলে যেতে পারে। তারপরও রক্ষাণশীল রিপাবলিকানরা এখন পর্যন্ত রমনির তুলনায় তাকেই পছন্দ করছেন। কিন্তু অনেকেরই বিশ্বাস, রিপাবলিকানদের মধ্যে ওবামার প্রবল প্রতিপক্ষ হওয়ার যোগ্যতা আছে মিট রমনিরই। আর ওবামাও এ পর্যন্ত রমনিকে লক্ষ্য করেই নির্বাচনী প্রচারাভিযান চালিয়ে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৪ঘ.