লিজ (বেলজিয়াম), ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেলজিয়ামের লিজ শহরের কেন্দ্রস্থলে মঙ্গলবার হামলাকারী বন্দুকধারী আত্মহত্যা করেছেন। কিন্তু এরআগে তার গুলি ও গ্রেনেড হামলায় ৪ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ মাস বয়সী একটি মেয়েশিশুও রয়েছে।
হামলাকারীর উদ্দেশ্য পরিষ্কার না হলেও এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে নিশ্চিত করেছে বেলজিয়ান পুলিশ।
৩৩ বছর বয়সী হামলাকারীর নাম নোরদিন আমরানি। সে একাই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলাস্থলটিতে সর্বসাধারণের প্রবেশ নিধিদ্ধ করে দিয়েছে পুলিশ। এতে করে বেলজিয়ামের পঞ্চম বৃহত্তম শহরটির কেন্দ্রস্থল স্থবির হয়ে পড়েছে। লোকজন অফিসের ভেতর আটকা পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লিজের সেইন্ট ল্যামবার্ট প্রাসাদের পাশের একটি বাসস্টপের কাছে আমরানি তার তাণ্ডব শুরু করে। লিজের প্রধান বিপণী বিতানগুলোর অবস্থান এ স্থানটিতেই। এসময় লোকজন ক্রিসমাসের কেনাকাটায় ব্যস্ত ছিল। গুলির শব্দে লোকজন আতঙ্কে এদিক-সেদিক দৌড়াদৌড়ি শুরু করে।
হামলার পর আহতদের আর্তনাদে এলাকাটিতে এক করুণ পরিবেশের সৃষ্টি হয়। কাঁধে ও হাতে গুলি লাগা অনেককে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।
অস্ত্র ও মাদক মামলায় দোষী সাব্যস্ত আমরানি এক বছর আগে জেল থেকে ছাড়া পায়। ঘটনার দিনও পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তার।
অপর এক প্রত্যক্ষদর্শী জানান, “সে একটি ব্যাগ বহন করছিল। সে তার ব্যাগ থেকে একটি গ্রেনেড বের করে বাসস্টপের দিকে ছুঁড়ে মারে।”
“তারপর সে একটি কালাশেনিকভ (একে- ৪৭) রাইফেল বের করে চারদিকে গুলি ছুড়তে শুরু করে। নিজেদের বাঁচাতে লোকজন দ্বিগবিদিক ছুটতে শুরু করে। আর এর পরই সে রিভলভার বের করে নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৭ ঘ.
bdnews24