ওয়ামিস (লিবিয়া), ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার দক্ষিণাঞ্চলে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে লড়াই ছড়িয়ে পড়লে অন্তত চারজন নিহত হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয় নেতাদের হস্তক্ষেপে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলে লড়াই বন্ধ হয়।
পুরনো শত্র“তার জের ধরে প্রাদেশিক রাজধানী জিনতান ও প্রতিবেশী এল মাশহাশা গোষ্ঠীর মধ্যে লড়াই ছড়িয়ে পড়ে।
সোমবার মাশাহাশা গোষ্ঠী অধ্যুষিত শহর ওয়ামিস এ গিয়ে রকেট ও কামানের গোলার আঘাতে বিধ্বস্ত ভবন দেখা যায়। স্থানীয়রা জানান, জিনতান থেকে নিক্ষিপ্ত গোলায় ভবনগুলো বিধ্বস্ত হয়। শহরটি রাজধানী ত্রিপোলি থেকে ১৯০ কিলোমিটার দূরে।
মঙ্গলবার ওই শহরে লড়াইয়ের কোনো ঘটনা ঘটেনি। ইব্রাহিম মাসুদ নামের স্থানীয় এক নেতা জানান, সোমবার দুটি এলাকার গোত্রনেতাদের নিয়ে গঠিত একটি কমিটি যুদ্ধবিরতিতে সম্মত হলে লড়াই বন্ধ হয়।
তিনি জানান, আলোচনায় উভয়পক্ষের বন্দি বিনিময় প্রস্তাবও অনুমোদিত হয়।
“আমাদের প্রথম বিবেচ্য লিবিয়া এবং লিবিয়ানদের প্রাণ রক্ষা করা,” বলেন তিনি।
গাদ্দাফিকে আটক করে হত্যা করার পর দুই মাস পার হলেও লিবিয়ার বিভিন্ন জায়গায় এখনও গোষ্ঠীগত দ্বন্দ্ব অব্যাহত রয়েছে, যা থেকে প্রায়ই রক্তক্ষয়ী সশস্ত্র সংঘর্ষ বাধে। বিবদমান এই গোষ্ঠীগুলোর ওপর কেন্দ্রীয় সরকারের তেমন নিয়ন্ত্রণ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24