ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে প্রতিবছর প্রায় ৪ হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ২০০৭ সাল থেকে দেশটির সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের মামলাগুলো পুনর্বিবেচনার নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এ সংখ্যাটা ছিলো দ্বিগুণ ।
এ মাসের শুরুতে পশ্চিমাঞ্চলীয় হাঙ্গঝু শহরে আয়োজিত এক সেমিনারে চীনের কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেন বলে সান ফ্রান্সিসকো ভিত্তিক মানবাধিকার সংস্থা দুই হুয়া ফাউন্ডেশন মঙ্গলবার এক বিবৃতিতে জানায়।
জাতিসংঘের কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এতে অংশ নেন বলে এনডিটিভি জানায়।
দুই হুয়া ফাউন্ডেশন জানায়, বার্ষিক কত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কর্মকর্তারা সে বিষয়ে কিছু না জানালেও ২০০৭ সালের পর তা ৫০ শতাংশ কমেছে বলে উল্লেখ করেন তারা।
২০০৬ সালে রাষ্ট্রীয় গণমাধ্যম ও দুই হুয়া জানায়, দেশটিতে বার্ষিক ৮ হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সরকার জানায়, তারা মৃত্যুদণ্ড কমানোর ও কেবলমাত্র গুরুতর অপরাধের ক্ষেত্রে তা কার্যকর করার চেষ্টা করছে।
দুই হুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জন ক্যাম বলেন, “মৃত্যুদণ্ডের সংখ্যা কমানোর ক্ষেত্রে চীনে বেশ অগ্রগতি হয়েছে। তবে এ সংখ্যাটা এখনও অনেক বেশি রয়েছে এবং তা কমার গতিও খুব মন্থর।”
মৃত্যুদণ্ডের সংখ্যা আরো স্পষ্টভাবে প্রকাশে চীনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে মৃত্যুদণ্ড কমানোর যে লক্ষ্য চীনের রয়েছে তাতে পৌঁছাতে স্বচ্ছতা তাদেরকে সহায়তা করবে।
চীনের সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৭ ও ২০০৮ সালে দেওয়া মৃত্যুদণ্ডের যথাক্রমে ১৫ শতাংশ ও ১০ শতাংশ প্রত্যাহার করে সুপ্রিম পিপল’স কোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৭ ঘ.
bdnews24