জেনেভা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাবিশ্বের সমস্ত কিছু যে কণার মাধ্যমে ‘ভর’ লাভ করেছে বলে ধারণা করা হয় সেই হিগস বোসন কণার অস্তিত্বের ‘ইঙ্গিত’ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।
সুইজারল্যান্ডের জেনেভার কাছে ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চের (সিইআরএন) পদার্থবিদ্যা গবেষণা কেন্দ্রে গবেষণা চালানো বিজ্ঞানীরা এ দাবি করলেও এর পক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেননি।
জেনেভায় লার্জ হাড্রন কোলাইডারে (এলএইচসি) মঙ্গলবার এএলটিএএস ও সিএমএস নামের দুটি পরীক্ষায় হিগস বোসন কণার অস্তিত্বের ‘ইঙ্গিত’ পাওয়া যায় বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
সিএমএস পরীক্ষা দলের জ্যেষ্ঠ পদার্থবিদ অলিভার বুখমুলার বলেন, “দুটি পরীক্ষাই একই দিকে ইঙ্গিত করছে।”
এটিএলএএস পরীক্ষার দায়িত্বে থাকা বিজ্ঞানী ফ্যাবিওলা গিয়ানোত্তি বলেন, “এ পরীক্ষায় আমার যা দেখেছি তাতে হিগস বোসন কণার অস্তিত্বের সম্ভাবনাই প্রবল।”
তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক হবে না উল্লেখ করে এ বিজ্ঞানী বলেন, “আরো তথ্য ও গবেষণা প্রয়োজন। আগামী কয়েকটা মাস হবে খুবই উত্তেজনার।”
“জানি না শেষ পর্যন্ত কী দাঁড়ায়।”
এই হিগস কণার অস্তিত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত হলে তা শতাব্দির সেরা ঘটনা হবে বলে মন্তব্য করেন ব্রিটেনের লিভারপুল ইউনিভার্সিটির কণা পদার্থবিদ্যার অধ্যাপক টেমিস বোকক।
তিনি বলেন, এর মধ্য দিয়ে পদার্থবিদরা এ মহাবিশ্বের হয়ে ওঠা নিয়ে এমন একটি বিষয় উন্মুক্ত করবেন যার প্রভাব আমরা দৈনন্দিন জীবনে অনুভব করি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০২৬ ঘ.
bdnews24