টরোন্টো, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন বিষয়ক কিয়োটো চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।
কিয়োটো চুক্তিতে কানাডার কোনো উপকার হয়নি বরং চুক্তির শর্ত অনুযায়ী কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে কানাডাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।
একারণেই কানাডা আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দেশটির পরিবেশ মন্ত্রী পিটার কেন্ট।
কিয়োটো প্রটোকল থেকে কানাডাই প্রথম বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলো।
বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইকে সামনে রেখে ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে প্রাথমিকভাবে এ চুক্তি গৃহীত হয়েছিলো।
কেন্ট বলেন, “আমরা কিয়োটো চুক্তির সাথে ছিলাম এবং বৈধ অধিকার হিসেবেই আমরা এ চুক্তি থেকে প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “কিয়োটো প্রটোকল অনুযায়ী কার্বন নির্গমন কমানোর শর্ত পূরণ করতে গেলে কানাডার খরচ পড়বে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার (যা কানাডার প্রতিটি পরিবারপিছু ১৬০০ ডলার খরচের সমপরিমাণ)।”
কিন্তু তিনি বলেন, “এই পরিমাণ খরচ সত্বেও কার্বন নির্গমন বাড়তেই থাকবে। কারণ, বিশ্বের সর্বাধিক কার্বন নির্গমণকারী দেশ যুক্তরাষ্ট্র এবং চীন এ চুক্তি সই করেনি।”
ফলে এ চুক্তির বদলে কানাডার বরং নিজেদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নজর দিয়েই নতুন চুক্তি করা উচিত মনে করেন বলে জানান কেন্ট।
কিন্তু চীন কানাডার এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ইইমিন বলেছেন, “কানাডার এ সিদ্ধান্ত বিশ্ব উষ্ণায়ন রোধে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রচেষ্টার বিরোধী পদক্ষেপ। আর তাই তা অত্যন্ত দুঃখজনক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৫ঘ.
bdnews24