হেরাত, আফগানিস্তান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত, দারিদ্রপীড়িত দেশ আফগানিস্তানে মৃত্যুঝুঁকি হয়ে দাঁড়িয়েছে মাতৃত্ব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৮ সালের তথ্য অনুযায়ী, প্রতি ১ লাখে ১ হাজার ৪০০ নারী সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। ২০০০ সালে প্রতি ১ লাখে এ কারণে প্রাণ হারাতো ১ হাজার ৮০০ জন।
সে তুলনায় পরে মৃত্যুহার কিছুটা কমলেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। কিশোরী মাতৃত্ব সেখানে খুবই স্বাভাবিক এবং মাতৃমৃত্যু নিয়মিত ঘটনা।
প্রয়োজনীয় মাতৃ স্বাস্থ্যসেবার সুযোগ বঞ্চিত আফগান নারীরা। এমনও হয় যে, ৮ দিনের পথ পাড়ি দিয়ে কোন কিশোরী মাকে হাসপাতালে পৌঁছাতে একমাত্র বাহন হিসেবে গাধাই হয় সম্বল।
ফলে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে সেই মা ঢলে পড়ে মৃত্যুর কোলে। আর এ চিত্রই আফগানিস্তানে মাতৃত্বের পরিচিত পরিণতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, কোন নারীর মা হওয়ার জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র আফগানিস্তান।
এ মাসে অনুষ্ঠিত বন সম্মেলনে ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সেনারা বিদায় নেওয়ার পর দেশটির সমৃদ্ধি, নিরাপত্তা ও উন্নয়নে বিশ্ব নেতারা প্রতিশ্র“তিবদ্ধ হয়েছেন। তাদের আশ্বাস আফগান নারীদের স্বার্থ কতটুকু রক্ষা করতে পারবে তাই দেখার বিষয়।
আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাতৃস্বাস্থ্যকে তারা অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা দেশে ৩ হাজার ধাত্রী তৈরি করেছে।
এর আগে সারা দেশে ধাত্রী সংখ্যা ছিল মাত্র ৪০০ জন। এছাড়া দেশে জরুরী প্রসব সেবা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে তারা।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সুরয়া দালিল বলেছেন, “এখন এ অর্জনগুলো ধরে রাখাই চ্যালেঞ্জের বিষয়।”
মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে আফগানিস্তানে ওয়ার্ল্ড ভিশনের মত সেবামূলক প্রতিষ্ঠানগুলোও কাজ করছে।
কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সেনারা চলে যাওয়ার পর এ খাতে বরাদ্দ বাজেটও কমে যাবে। ফলে তাদের কার্যক্রম স্বাভাবিক গতি হারিয়ে ফেলতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সারাহ পিকওর্থ বলেছেন, “এখন সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে অনুদান আশঙ্কাজনকহারে কমে যাচ্ছে।”
আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানও মাতৃস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তারা নারী শিক্ষা ও নারীদের অবাধ বিচরণের বিরোধী। এতে মাতৃমৃত্যু হার ভয়াবহভাবে বেড়ে যেতে পারে।
ধাত্রী বিদ্যার প্রশিক্ষণার্থীরা জানিয়েছেন, তালেবানদের কারণে অনেক দক্ষ ধাত্রী ও মহিলা চিকিৎসক ঝরে গেছে। এ পরিস্থিতি আফগানিস্তানের জন্য উদ্বেগের বিষয়। কারণ সামাজিক ও ধর্মীয় কারণে নারীরা এখনো পুরুষ চিকিৎসকদের মুখোমুখি হতে অনীহা প্রকাশ করে।
তাই আফগানদের আজকের চাওয়া যুদ্ধমুক্ত এক দেশ যেখানে তারা খুঁজে পাবে নিরাপত্তার ছায়া, যেখানে নিশ্চিত হবে জনস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য।
আফগানিস্তানের হেরাত প্রদেশের গ্রাম্য পরিষদের এক জ্যেষ্ঠ শুরার উক্তি, “সবার প্রত্যাশা আফগানিস্তানে আর কোন যুদ্ধ থাকবে না। আমরা প্রথমত, চাই নিরাপত্তা এবং দ্বিতীয়ত, জনস্বাস্থ্যের উন্নয়ন। আমাদের চিকিৎসক প্রয়োজন, প্রয়োজন ধাত্রীর।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০১ঘ.
bdnews24