২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে যুক্তরাষ্ট্র: ওবামা

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্র দেশটির বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্র দেশটির বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে। যুক্তরাষ্ট সফররত ইরাকের প্রেসিডেন্ট নুরি আল মালিকির সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামা এ আশ্বাস দেন। ইরাক থেকে সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থানে থাকবে বলে তিনি মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা যুদ্ধ শেষ করছি এবং ভবিষ্যৎ ইরাকিরাই সামলাবে। তবে ইরাকিদের জানাচ্ছি তারা একা নয়। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী ও অনুগত অংশীদার হয়ে পাশে থাকবে।” আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধ শেষ করা উপলক্ষে এ হোয়াইট হাউজে বৈঠক করেন দুই নেতা। ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। আরব বিশ্বে গণজাগরণ ও সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনে ইরাকে সা¤প্রদায়িক কলহ সৃষ্টির আশঙ্কায় এ সিদ্ধান্তে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরও দেশটিতে প্রশিক্ষক হিসেবে কিছু সেনা রয়ে যাওয়ার কথা ছিলো। তবে এসব সেনাকে আইনি সুরক্ষা না দেয়ায় অক্টোবরে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ওবামা। গণবিধ্বংসী অস্ত্র এবং ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের সঙ্গে আল কায়েদার সম্পৃক্ততার অভিযোগে ২০০৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দেশটিতে আগ্রাসন চালান। প্রায় আট বছরের এ লড়াইয়ে কোনো গণবিধ্বংসী অস্ত্রেরই সন্ধান পাওয়া যায়নি। এ লড়াইয়ে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা নিহত হয়েছে। অপরদিকে প্রায় ৬০ হাজার বেসামরিক ইরাকি প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০০ঘ.