ওয়াশিংটন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সিনেটের একটি প্যানেল পাকিস্তানে ৭০ কোটি ডলার সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
পাক-আফগান অঞ্চলে হাতে তৈরি বোমার বিস্তার রোধের লড়াইয়ে সহায়তা না করা পর্যন্ত পাকিস্তানকে এ অর্থ সাহায্য দেবে না যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের সিনেটররা এ সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত আখ্যা দিয়ে বলেছেন, এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে আরো টানাপোড়েন দেখা দেবে।
হাউজ-সিনেট প্যানেলের এ সিদ্ধান্ত ইতোমধ্যেই তলানিতে এসে ঠেকা যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে আরো অবনতি ঘটাবে বলে সতর্ক করেছেন পাক সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান সালিম সাইফুল্লাহ।
পাকিস্তানকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।
প্রতি বছর পাকিস্তানের সামরিক ও বেসামরিক খাতে যুক্তরাষ্ট্র যে অর্থ সহায়তা দেয় সে তুলনায় বন্ধ ঘোষিত ৭০ কোটি ডলারের তহবিল খুবই সামান্য।
কিন্তু যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে ভবিষ্যতে পাকিস্তানে অর্থ সাহায্য আরো বেশি কমাতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও বিদেশি সেনাদের ওপর ঘরে তৈরি এসব বোমা ব্যবহার করে থাকে জঙ্গিরা। নাইট্রেট অ্যামোনিয়াম ব্যবহার করে এসব বোমা তৈরি করা হয়। বহুল ব্যবহৃত এ সারটি পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ওই অঞ্চলে আসে।
২০০১ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানকে ২০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বেশিরভাগই সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ব্যয় হিসেবে দিয়েছে। তবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টায় হতাশা ব্যক্ত করেছে মার্কিন আইন প্রণেতারা।
জঙ্গি গ্র“পগুলোর বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিতে পাকিস্তানের ব্যর্থতা এবং গোপন মার্কিন অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর প্রয়োজনীয় সহযোগিতার অভাবের ইসলামাবাদকে শাস্তি দেওয়ার দাবি জোরদার হচ্ছে যুক্তরাষ্ট্রে।
এর পরিপ্রেক্ষিতেই সেখানে সাহায্য বন্ধের এ পদক্ষেপ। তাছাড়া হাক্কানি গ্র“পগুলোর মতো জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আরো সহযোগিতার বিনিময়ে পাকিস্তানকে সাহায্য দেওয়ার শর্ত বেঁধে দেওয়ারও অসংখ্য প্রস্তাব দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24