২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় নাগরিকত্বের শপথ গ্রহণে নেকাব নিষিদ্ধ

নাগরিকত্বের শপথ নেওয়ার সময় নেকাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাগরিকত্বের শপথ নেওয়ার সময় নেকাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার সরকার। কানাডার নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক মন্ত্রী জেসন কেনি সোমবার মন্ট্রিলে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি। কেনি বলেন, নেকাব পড়া অবস্থায় ওই ব্যক্তি শপথ উচ্চারণ করছেন কি না তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন আইন প্রণেতা ও অভিবাসন বিষয়ক বিচারকরা। তাই কেউ কানাডার নাগরিক হতে চাইলে তাকে চেহারা দেখাতে হবেই। কানাডায় আনুমানিক ৯ লাখ ৪০ হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষের বাস যা মোট জনসংখ্যার অন্তত ২ দশমিক ৮ শতাংশ। ইতোমধ্যে দেশটির কুইবেক প্রদেশে সরকারি চাকরি করেন এমন নারীদের জন্য নেকাব ও মুখঢাকা পড়ে যায় এমন ধরনের বস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। সব সরকারি অফিস-আদালতে নেকাব নিষিদ্ধ করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকার। কেনি বলেন, এটা সব নাগরিকদের সামনে নিজের প্রতিশ্র“তি প্রকাশ করার জায়গা। এ ধরনের গণ প্রতিশ্র“তিমূলক অনুষ্ঠানে নিজের চেহারা দেখাতে ইচ্ছুত থাকা উচিত। তবে এ কারণে শপথগ্রহণকারীর ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে, এ ধারণা নাকচ করে দেন তিনি। কনজারভেটিভ দলের এ মন্ত্রী বলেন, এটা কোনো নিছক একটি সিদ্ধান্ত নয়। এটি নিজের মুক্তমন ও সমতার মূল্যবোধ এবং নিজের পরিচয় হৃদয়ঙ্গম করার বিষয়। তিনি আরো বলেন, কানাডায় ধর্মীয় মূল্যবোধের চেয়ে আইন অগ্রাধিকার পাবে। ইউরোপের কয়েকটি দেশেও নেকাব নিষিদ্ধ করার বিষয়ে বিতর্ক চলছে। ফ্রান্স ও বেলজিয়াম এরইমধ্যে জনসমক্ষে হিজাব-নেকাব পড়া নিষিদ্ধ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫৮ ঘ.