লন্ডন, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইউরোজোনকে ঋণ সঙ্কট থেকে বাঁচানোর নতুন চুক্তিতে ভেটো দিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিয়েছে বলে রোববার সতর্ক করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ।
তিনি বলেন, নতুন ইইউ চুক্তিতে ২৬ টি দেশের বিপক্ষে রায় দিয়ে ব্রিটেনে মোটেও ‘ভালো কাজ করেনি’। কারণ, এতে করে ব্রিটেন ইইউ থেকে ক্রমেই ‘বিচ্ছিন্ন এবং কোণঠাসা’ হয়ে পড়তে পারে।
শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সম্মেলনে ইউরোজোনের ১৭ টি দেশের সঙ্গে ইইউ এর অন্যান্য দেশগুলো প্রস্তাবিত নতুন অর্থনৈতিক চুক্তি করতে একমত হয়। কেবল ব্রিটেন এতে ভেটো দেয়।
৩৯ বছরের মধ্যে এই প্রথম ব্রিটেন ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। ব্রিটেনের এ আচরণে শীতল প্রতিক্রিয়া দেখা গেছে ইইউ নেতাদের মধ্যে।
আলোচনার শেষ দিকে অনেকটা একা হয়ে পড়েন ক্যামেরন। তিনি নিজ আসনে বসতে যাওয়ার সময়টিতে তার দিকে সৌজন্যের হাত বাড়াতে দেখা যায়নি ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে।
নতুন ইইউ চুক্তিতে বাজেট নীতি নিয়ে কড়া নিয়ম কানুন মেনে চলার প্রস্তাব রয়েছে এবং কেউ নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তিরও বিধান আছে। ব্রিটেন তা মানতে নারাজ।
এ ব্যাপারে ক্যামেরন বলেন, “চুক্তিতে যা আছে তা ব্রিটেনের স্বার্থের পরিপন্থি। সেকারণেই আমি এতে রাজি নই। আমরা ইউরোর মধ্যে নেই। আমরা ইউরোজোনে যোগও দেবো না। আর তাই আমরা সার্বভৌমত্বও বিকাবো না।”
কিন্তু ক্যামেরনের পদক্ষেপ ব্রিটেনের জন্য আরো ক্ষতি ডেকে আনবে বলেই মন্তব্য করেছেন ইউরোপ-পন্থি লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ।
বিশেষ করে বিষয়টি নিয়ে মতবিরোধে ব্রিটেনের জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাটাই এ মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিকর। এমন হলে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার এ সময়টিতে ব্রিটেনে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে।
কিন্তু ক্যামেরনের কনজারভেটিভ পার্টির ইউরোবিমুখ কিছু সদস্য কেবল ইইউ চুক্তিতে ভেটোই নয় বরং এরপর ব্রিটেনের ইইউ সদস্যপদ নিয়ে গণভোট করার জন্য প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন।
ক্লেগ তাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে ওয়াশিংটনের কাছে এর কোনো দাম থাকবে না। তারা হেয় হবে বিশ্বমঞ্চেও। তাছাড়া অর্থনৈতিকভাবেও ব্রিটেন ক্ষতিগ্রস্ত হবে।
বিবিসি’র এন্ড্রু মার শো তে ক্লেগ বলেন, গত সপ্তাহের ইইউ সম্মেলনে ব্রিটেন যা করেছে তাতে তিনি অত্যন্ত হতাশ।
কারণ, এতে করে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন আরো একঘরে এবং কোণঠাসা হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে। এ পদক্ষেপ দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান এমনকি কারো জন্যই ভালো না বলেই তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৭ঘ.
bdnews24