মেক্সিকো সিটি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মেক্সিকোতে শনিবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের ফলে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর জরুরি সেবা বিভাগ জানিয়েছে, মেক্সিকো সিটির কাছে ইগুয়ালাতে একটি বাড়ির ছাদ ধসে একজন নিহত হয়েছে। অপর একজন মেক্সিকো সিটি- আকাপালকো মহাসড়কে পাথর পড়ে নিহত হয়েছে।
লরা গঞ্জালেস নামের এক ব্যক্তি জানান, ভূমিকম্প ৪০ সেকেন্ড স্থায়ী ছিলো।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ইগুয়ালা থেকে ২৮ মাইল দক্ষিণপশ্চিমে গুয়েরেরো প্রদেশ ভূমিকম্পের কেন্দ্রস্থল।
মেক্সিকো সিটি, ইগুয়ালা ছাড়াও মিকোয়াচান, পুয়েব্লা ও হিদাগ্লোতেও ভূমিকম্প হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
গুয়েরেরোর জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র বলেন, “ভূমিকম্পের কেন্দ্র থেকে কাছে হওয়ায় ইগুয়ালাতেই বেশি ক্ষয় ক্ষতি হয়েছে।”
রাজধানী মেক্সিকো সিটির বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি ভবন খালিও করা হয়েছে।
তবে সিটি মেয়র মার্সেলো ইব্রার্ড জানান, পানি সরবরাহ, পাতাল রেল এবং বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
১৯৮৫ সালে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে মেক্সিকো সিটির বেশ কয়েকটি অংশ মারাত্মক ক্ষতিগ্রস্তও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৯ঘ.
bdnews24