২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবিলা পুনর্নির্বাচিত

কঙ্গোয় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোসেফ কাবিলা জয়ী হয়েছেন। দেশটির প্রধান নির্বাচন কমিশনার ড্যানিয়েল গয় মুলুন্ডা জানান, নির্বাচনের বেসরকারি ফলাফলে কাবিলা প্রায় ৪৯ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী এতিয়েন শিসেকেদি ৩২ শতাংশ ভোট পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 05:56 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

কিনশাসা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোয় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোসেফ কাবিলা জয়ী হয়েছেন। দেশটির প্রধান নির্বাচন কমিশনার ড্যানিয়েল গয় মুলুন্ডা জানান, নির্বাচনের বেসরকারি ফলাফলে কাবিলা প্রায় ৪৯ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী এতিয়েন শিসেকেদি ৩২ শতাংশ ভোট পেয়েছেন। শুক্রবার ফলাফল ঘোষণার পর মুলুন্ডা উপস্থিত কর্মকর্তা ও কূটনীতিকদের শান্ত থাকার আহ্বান জানান। অবশ্য একটি পর্যবেক্ষক সংগঠন এ ফলাফলকে সন্দেহজনক বলে উল্লেখ করে। এদিকে প্রধান বিরোধীদলীয় নেতা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এতিয়েন এ ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে কঙ্গোর নতুন নির্বাচিত নেতা হিসেবে ঘোষণা করেছেন। আরএফআই রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি এ ফলাফলকে কঙ্গোর জনগণের জন্য সত্যিকার অর্থে ক্রোধ সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করছি। এ কারণে আজ থেকে আমি নিজেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মনে করছি।” এদিকে ফলাফল ঘোষণার পর বিরোধী দলের সমর্থকরা রাজধানীর বিভিন্ন অংশে টায়ার জ্বালায় এবং এতিয়েনের দলের স্লোগান ‘দ্য পিপল ফার্স্ট’ দিতে থাকে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের শব্দ শোনা গেছে বলে জাতিসংঘের এক সূত্র জানায়। রাজধানীতে বিরোধী দলের সমর্থকই বেশি রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুশীল সমাজের এক নেতা জানান, কাবিলাকে জয়ী ঘোষণার পর দেশের দক্ষিণাঞ্চলীয় বুজ মায়িতে গোলাগুলি হয়। রয়টার্সকে তিনি বলেন, “আমরা সব এলাকায় গোলাগুলি শুনতে পাচ্ছি। এটা এখনও চলছে।” এদিকে দেশের অন্যান্য অংশে নির্বাচনের ফলাফল নিয়ে উৎসবের সৃষ্টি হয়েছে। জাতিসংঘভিত্তিক এক মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী, এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় দেশটিতে অন্ততপক্ষে ১৮ জন মারা গেছে। যুুদ্ধবিধ্বস্ত দেশটিতে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনই স্থানীয়ভাবে আয়োজিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনের আয়োজন করার মধ্যদিয়ে দেশটি কয়েক বছর ধরে চলা সংঘর্ষের অবসান এবং স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেইসাথে বিনিয়োগকে উৎসাহিত করছে। এদিকে যোগাযোগমন্ত্রী ল্যাম্বার্ট মেন্ডে জানান, এতিয়েনের নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা ‘নির্বুদ্ধিতা ও অবৈধ’। এতে সহিংসতার সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। নির্বাচনী ফলাফল নিয়ে কোনো ধরনের সহিংসতায় না জড়াতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন শুক্রবার কঙ্গোর জনগণের প্রতি আহ্বানও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৩ ঘ.