২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেনগাজি হবে লিবিয়ার নিউইয়র্ক’

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সময় অবহেলিত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিকে ‘লিবিয়ার নিউইয়র্ক’ বানানোর স্বপ্ন দেখছেন অধিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

বেনগাজি, লিবিয়া, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সময় অবহেলিত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিকে ‘লিবিয়ার নিউইয়র্ক’ বানানোর স্বপ্ন দেখছেন অধিবাসীরা। গাদ্দাফিবিরোধী বিপ্লবের প্রাণকেন্দ্র বেনগাজির নাগরিকদের মতে, বেনগাজিকে লিবিয়ার বাণিজ্যিক রাজধানী করা যেতে পারে। এ ধরনের কোনো কিছু করার এটিই উপযুক্ত সময় বলে মনে করছেন তারা। গাদ্দাফির ৪২ বছরের শাসনামলে বেনগাজি অনেক অবহেলার শিকার হয়েছে বলে শহরটির নাগরিকদের অভিযোগ। তারা দাবি করেন, বেনগাজির অর্থেই গাদ্দাফি রাজধানী ত্রিপোলিকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলেন। “এখন বেনগাজিতে এলে মনে হয় ১৯৬৯ সালের বেনগাজিতে চলে এসেছি,” যুদ্ধবিধ্বস্ত গুলিবিদ্ধ ভবনগুলোর দিকে তাকিয়ে বলেন বেনগাজির বাসিন্দা আনোয়ার মুসা (২৬)। ১৯৬৯ সালে এই বেনগাজিই গাদ্দাফির ক্ষমতায় আসার মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছিলো। বেনগাজির একটি জৌলুসহীন হোটেলে বসে আনোয়ার কার্পেটের দিকে দেখিয়ে বলেন, “১৯৬৯ সালের পর থেকে এই কার্পেটটি সম্ভবত পরিবর্তন করা হয়নি।” বেনগাজিতে বিদেশি অতিথিরা এলে রাজনৈতিক নেতারা এই হোটেলেই তাদের সাথে মিলিত হন। আটমাস আগে এখান থেকে গাদ্দাফি অনুগত সেনাদের তাড়িয়ে দেওয়া হয়। তারপরও উস্কোখুস্কো সমুদ্র পাড়ের এই শহরটির কোনো পরিবর্তন হয়নি। সমুদ্রতটে, শহরের রাস্তায় রাস্তায় ময়লার স্তুপ। শহরের অধিকাংশ তরুণেরই কোনো কাজ নেই আর প্রায় সবার হাতেই অস্ত্র। তবুও শহরের বাসিন্দাদের স্বপ্ন দেখা বন্ধ নেই। তারা স্বপ্ন দেখে তাদের এই শহর একদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর মতো প্রাণবন্ত শহর হয়ে উঠবে। হবে দেশের বাণিজ্যিক রাজধানী। আর দেশের প্রধান তেলশিল্প ও অন্যান্য শিল্প এলাকা এবং অন্যতম প্রধান বন্দর বেনগাজিতে হওয়ায় তাদের এ স্বপ্ন কোনো অলীক কল্পনা নয়। বেনগাজির সাবেক হোটেলকর্মী আলি মোহাম্মদ ইব্রাহিমকে বেনগাজির ভবিষ্যৎ কি জিজ্ঞেস করা হলে সিসার নল থেকে মুখ তুলে সুগন্ধি ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন, “অর্থনৈতিক রাজধানী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৪ ঘ.