২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামায় ফেরত যাচ্ছেন নরিয়েগা

কারাদণ্ডপ্রাপ্ত পানামার সাবেক একনায়ক ম্যানুয়েল নরিয়েগাকে তার দেশে ফেরত পাঠাবে ফ্রান্স। পানামার পররাষ্ট্রমন্ত্রী রবার্তো হেনরিকুইজ এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাদণ্ডপ্রাপ্ত পানামার সাবেক একনায়ক ম্যানুয়েল নরিয়েগাকে তার দেশে ফেরত পাঠাবে ফ্রান্স। পানামার পররাষ্ট্রমন্ত্রী রবার্তো হেনরিকুইজ এ কথা জানিয়েছেন। হেনরিকুইজের বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্নীতি ও খুনের অভিযোগে ইতোমধ্যে পানামায় দণ্ডপ্রাপ্ত নরিয়েগাকে রোববার ফেরত পাঠানো হবে। নিজ দেশেই দণ্ড ভোগ করার জন্য তাকে পাঠানো হচ্ছে। ৭৭ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা নরিয়েগার বিরুদ্ধে পানামায় ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তার শাসনামলে সংঘটিত বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার অনুপস্থিতিতে বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি হয় এবং ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইতোমধ্যে নরিয়েগা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে ২০ বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। নরিয়েগাকে হস্তান্তরের ব্যাপারে পানামার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্যারিসের একটি আদালত দুই সপ্তাহ আগে বিষয়টির অনুমোদন দেয়। নরিয়েগার আইনজীবী একে ‘সুসংবাদ’ বলে অভিহিত করেছেন। কেননা এই বৃদ্ধ ও ক্লান্ত মানুষটি শেষপর্যন্ত নিজ দেশে ফিরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের এক সময়ের মিত্র নরিয়েগা ১৯৯০ সালের জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে আটক হন। মধ্যআমেরিকার রাষ্ট্র পানামাকে মাদক চোরাচালানের মূলকেন্দ্রে পরিণত করছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নরিয়েগা যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হয়ে ২০ বছর কারাদণ্ড ভোগ করেন। ২০১০ সালে তাকে ফ্রান্সের হাতে হস্তান্তর করা হয়। কলাম্বিয়ার একটি মাদক গোষ্ঠীর অর্থে ফ্রান্সে সম্পদ গড়ে তোলেন নরিয়েগা। এ জন্য ফ্রান্সে তার বিরুদ্ধে অর্থ চোরাচালানের মামলা হয়। ফ্রান্সের আদালতে তার ৭ বছরের কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৩ ঘ.